বালুরঘাটে পুজো উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রীকেই চাই, জেলায় ফিরেই মণ্ডপে মণ্ডপে ছুটলেন সুকান্ত
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: রাজ্যে শাসক দল বদলের পর এবার প্রথম দুর্গাপুজো। তাই বালুরঘাটের সমস্ত পুজো উদ্যোক্তাদের একই চাহিদা। সবারই সুকান্ত মজুমদারকেই চাই পুজোর উদ্বোধনে। তাই শুক্রবার ষষ্ঠীর দিন জেলায় ফিরতেই সকাল থেকে পুজো উদ্বোধনে নেমে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি এদিন অন্তত ২০টি পুজোর উদ্বোধন করেছেন। তবে বালুরঘাট শহরে গত কয়েকদিন ধরে পুজোর উদ্বোধন শুরু হয়েছে। 

Advertisement

মন্ত্রীর অনুপস্থিতির প্রলেপ হিসেবে পুজোর উদ্বোধনে যাচ্ছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। তিনি ইতিমধ্যেই বহু পুজোর উদ্বোধন করেছেন। ফলে বালুরঘাট শহরে পুজোর উদ্বোধন ঘিরে ব্যাপক চাপে পড়েছেন সুকান্ত ও বিদ্যুৎ। 
পুজোর উদ্বোধনের পর সুকান্ত মজুমদার এদিন বলেন, এবার রামের সরকার পশ্চিমবঙ্গে আসার পর এই প্রথম দুর্গাপুজো হচ্ছে। এতদিন জেলার বাইরে ছিলাম। এদিন জেলায় এসেছি। গোটা জেলায় ঘুরব। সব ক্লাব থেকেই পুজোর আমন্ত্রণ পেয়েছি। বেশিরভাগ জায়গাতেই যাওয়ার চেষ্টা করছি। এদিন বালুরঘাটে বহু পুজো মণ্ডপে গিয়েছিলাম। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। 
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায় বলেন, চতুর্থী থেকে পুজোর উদ্বোধন শুরু হয়েছে। বালুরঘাট শহরের পাশাপাশি বালুরঘাট ব্লক ও হিলির বিভিন্ন জায়গাতেও পুজোর উদ্বোধনে গিয়েছিলাম। তবে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। পুজোর এই কয়েকটি দিন সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করব। 
এদিন মন্ত্রী জেলায় ফিরে সকাল থেকে পুজো মণ্ডপগুলিতে পৌঁছে ফিতে কেটে উদ্বোধন করছেন। সঙ্গে রয়েছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়। 
বালুরঘাটের কালমণি মহাপাত্র, উত্তরায়ণ ক্লাব, প্রাচ্যভারতী, শিবতলী ক্লাব, ত্রিধারা ক্লাব, পুলিশ লাইন, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার, কবিতীর্থ ক্লাব, মৈত্রী চক্র, অগ্নিশিখা ক্লাব, ক্রান্তিচক্র এবং নবীনসাথী-সহ একাধিক দুর্গাপুজোর উদ্বোধনে যান জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। তবে সব ক্লাবে যাওয়া এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না। পুজো পর্যন্ত সব ক্লাবেই যাওয়ার চেষ্টা করবেন বলে সাংসদ ও বিধায়ক জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে বালুরঘাটে বিজেপির উত্থান শুরু হয়। সেই সময় থেকেই সুকান্ত মজুমদার সাংসদ হিসেবে পুজোর উদ্বোধনে আমন্ত্রণ পেতেন। 
প্রথম দিকে বালুরঘাটের পুজোয় হাতেগোনা কিছু পুজোর উদ্বোধন করতেন। পরবর্তীতে শহরে বেশকিছু ক্লাব তাঁর সঙ্গে ছিল। এখন সরকার বদলের পর তৃণমূলপন্থী ক্লাবগুলিও সুকান্ত মজুমদারের দ্বারস্থ হচ্ছেন। জেলার প্রতিটি ক্লাবই এবার সুকান্তবাবুকে চাইছেন। গতবছর তৃণমূলের নেতা-নেত্রীরা ক্লাবের পুজো উদ্বোধনে গেলেও এবার তাঁদের দেখা মিলছে না।  বালুরঘাটের শিবতলী পুজোমণ্ডপে উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।-নিজস্ব চিত্র