Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রায়দানের আগে চেম্বার থেকে ফাইল হাতানোর চেষ্টা সুজিতের আইনজীবীর! মামলাই ছেড়ে দিলেন বিচারপতি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জামিন মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত করেছিল হাইকোর্ট।

রায়দানের আগে চেম্বার থেকে ফাইল  হাতানোর চেষ্টা সুজিতের আইনজীবীর! মামলাই ছেড়ে দিলেন বিচারপতি
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জামিন মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত করেছিল হাইকোর্ট। এর মধ্যেই বিচারপতি শুভ্রা ঘোষের ব্যক্তিগত চেম্বার থেকে ফাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন সুজিতের কোনো এক আইনজীবী! এই কারণে এবার ওই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ।

Advertisement

বুধবার বিচারপতি জানান, মঙ্গলবার সুজিতের কোনো এক আইনজীবী তাঁর চেম্বারে যান। সেইসময় নিজের চেম্বারে ছিলেন না বিচারপতি। বিচারপতি ঘোষ আরও জানান, চেম্বারে থাকা ফাইল তাঁর ব্যক্তিগত সচিবকে দিতে বলেন ওই আইনজীবী। বিচারপতির মন্তব্য, ‘ঘটনাটি খুবই দুঃখজনক।’ বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নজরে এনেছেন বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ। তারপরই এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। নিয়ম মোতাবেক মামলাটি এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা পরবর্তী প্রধান বিচারপতি স্থির করবেন কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে দশ ঘণ্টা জেরার পর গত ১১ মে সুজিতকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রের খবর, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম ছিল। দুর্নীতির টাকা সুজিতের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি করছে ইডি। তাই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও। এর মধ্যেই জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী। তাঁর পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। কিন্তু রায়দানের আগেই ফাইল হতানোর চেষ্টা করেন সুজিতের কোনো এক আইনজীবী। এই কারণে নতুন বিচারপতির বেঞ্চে ফের একবার এই মামলার শুনানি হবে বলে মনে করছে আইনজীবী মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ