


পেশোয়ার: পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ। এবারের ঘটনাস্থল খাইবার পাখতুনওয়া প্রদেশের বান্নু জেলা। শনিবার রাতের এই হামলায় ১৫ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশ চৌকিটি। আশেপাশে থাকা একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো জঙ্গি সংগঠন রাত পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল আফ্রিদি। তাঁর তোপ, ‘পুলিশ চেকপোস্টের এই কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এভাবে পুলিশকে কাবু করা যাবে না।’
সূত্রের খবর, এদিন বোমা সহ গাড়ি নিয়ে চেকপোস্টে ঢুকে পড়ে হামলাকারী। গাড়িটি দেখামাত্র গুলি চালায় পুলিশ। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। বহু পুলিশ অফিসার চেকপোস্টের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। বিস্ফোরণের পরেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনী। তবে ঘটনায় জঙ্গি মৃত্যুর খবর এখনও মেলেনি।
আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাত চালাচ্ছে পাকিস্তান। খাইবার পাখতুনওয়া সহ একাধিক সীমান্ত লাগোয়া অঞ্চলে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। ইসলামাবাদের অভিযোগ, তাদের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তালিবান। এহেন পরিস্থিতিতে শনিবারের বিস্ফোরণে পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়াল।