নয়াদিল্লি, ৮ জুন: আচমকা ধেয়ে আসা ঝড়-বৃষ্টির জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। রবিবার বিকেলে প্রবল ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার তিনটি ন্যারোবডি বিমানে সজোরে আঘাত করে। এর ফলে তিনটি বিমানই ব্যপক ক্ষতির মুখে পড়ে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, বিকেল প্রায় ৪টা ৪০ মিনিট নাগাদ টার্মিনাল-২ এলাকায় হঠাৎই আবহাওয়ার ব্যাপক অবনতি হয়। প্রবল দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে যাত্রী ওঠানামার সিঁড়ি-সহ একাধিক গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম সরে গিয়ে সেগুলির কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পার্কিংয়ে থাকা বিমানের গায়ে ধাক্কা মারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ঝোড়ো হাওয়ার দাপটে একটি যাত্রীবাহী সিঁড়ি দ্রুতগতিতে গড়িয়ে গিয়ে একটি এয়ার ইন্ডিয়া বিমানে সজোরে আঘাত করছে। অন্য একটি ভিডিওতে বিমানবন্দরের কর্মীদের সরঞ্জামগুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেলেও প্রবল বাতাসের কাছে তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত তিনটি বিমানকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়। সেগুলিকে মেরামতির জন্য পাঠানো হয়। তিনটি বিমানের মধ্যে একটি বিমান তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে সচল করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আবহাওয়ার আকস্মিক অবনতির বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে আগে থেকে কোনও সতর্কবার্তা পাওয়া যায়নি। ফলে মাটিতে থাকা সরঞ্জামগুলিকে অতিরিক্ত সুরক্ষার আওতায় আনার সুযোগও ছিল না। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ভারী সরঞ্জামগুলি ঝড়ে সরে গিয়ে বিমানে আঘাত করল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা খতিয়ে দেখা হচ্ছে।