নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার রাতে বারাসত ডাকবাংলো মোড় এলাকায় একটি তুলো বোঝাই ট্রাকে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর ফলে ওই রাতে যশোর রোডে তীব্র যানজট হয়। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ কলকাতা থেকে একটি ওভারলোডেড তুলো বোঝাই ট্রাক বারাসতের ডাকবাংলো থেকে চাঁপাডালির দিকে যাচ্ছিল। ট্রাকটির পেট্রাপোলে যাওয়ার কথা ছিল। সেই সময় হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। দমকলের অনুমান, ওভারলোডেড তুলো থাকার কারণে ইলেকট্রিকের তারের সঙ্গে সংঘর্ষ হয়ে আগুন লাগতে পারে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। এরপর অগ্নিদগ্ধ গাড়িটি এনে রাখা হয় বারাসত পুরসভার সামনে একটি ফাঁকা জায়গায়। বুধবার দুপুরের পর দেখা যায়, ওই ট্রাক থেকে ফের আগুন বেরচ্ছে। স্থানীয় বাসিন্দা রবীন দে বলেন, দুপুর ২টোর পর থেকে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। তুলোর মধ্যে হয়তো ধিকিধিকি আগুন জ্বলছিল। সঠিকভাবে সেই আগুন নেভানো হয়নি বলেই আমাদের অনুমান। এরপর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে ফের ওই আগুন নেভানোর কাজে হাতে লাগায়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় পুরোপুরি আগুন নিভে যায়।



