Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ, নির্বাচনের আগে খানাকুলে বৈঠক মহকুমা শাসকের

বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে জোর দিচ্ছে প্রশাসন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে প্রকল্পগুলির টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিতে বলা হয়েছে।

প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ, নির্বাচনের আগে খানাকুলে বৈঠক মহকুমা শাসকের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে জোর দিচ্ছে প্রশাসন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে প্রকল্পগুলির টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিতে বলা হয়েছে। বুধবার এব্যাপারে খানাকুল-১ বিডিও অফিসে বৈঠক করেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার। উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি, বিডিও অরিন্দম মুখোপাধ্যায় সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য আধিকারিকরা। 

Advertisement

এদিন মহকুমা শাসক বলেন, প্রকল্প রূপায়ণে কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। কাজের গতি বাড়াতে বলেছি। যেসব এলাকায় সমস্যা রয়েছে, তা মেটানোর জন্য পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছে। মহকুমার বাকি ব্লকগুলিতেও একইভাবে বিভিন্ন প্রকল্পের কাজের রিভিউ করা হবে। এদিন খানাকুল-১ ব্লক দিয়ে তা শুরু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ‘বাংলার বাড়ি’, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলের কাজ চলছে। এসআইআর পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জোর দিয়েছে হুগলি জেলা প্রশাসন। তার জেরে এদিন মহকুমা প্রশাসনের তরফে খানাকুল-১ ব্লকে গিয়ে বৈঠক করা হয়।
খানাকুল-১ বিডিও বলেন, বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার বাড়ির টাকা পেয়ে উপভোক্তারা যাতে দ্রুত পাকা ঘরের কাজ শুরু করেন, সেই ব্যাপারে তদ্বির করা হচ্ছে।
পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল বলেন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে আর্থিক সহায়তা পেয়েও অনেকে কাজ শেষ করেননি। প্রকল্পের কাজ থমকে রয়েছে। সেইসব উপভোক্তার বাড়িতে গিয়ে বোঝানো হবে। অনেকের বাড়ির কাজ শেষ করার ক্ষেত্রে নানা রকম জটিলতা রয়েছে। সেইসব জট কাটাতে উপভোক্তাদের সঙ্গে একাধিকবার দেখা করা হয়েছে। ভোটের আগে আরও একবার কাজ শেষ করার উপর জোর দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের আর্থিক সহায়তা দিয়েছেন। হুগলি জেলায় প্রায় ৫৭ হাজার গরিব পরিবারকে পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য। উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করেন সেব্যাপারে প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছে। প্রশাসনের একাংশের মতে, কোথাও কোথাও বিভিন্ন প্রকল্পের কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। সেই সঙ্গে প্রকল্পগুলির বর্তমান স্ট্যাটাস খতিয়ে দেখা হয়। বৈঠক শেষে মহকুমা শাসক যুবসাথীর শিবিরও পরিদর্শন করেন।
 খানাকুলে বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক। বুধবার।-নিজস্ব চিত্র। 

সম্পর্কিত সংবাদ