সংবাদদাতা, গঙ্গারামপুর: পুজোর মরশুমে খাবারে ভেজাল রুখতে মহকুমাশাসকের বিশেষ বৈঠক বুনিয়াদপুর শহরে। মিষ্টির দোকান থেকে রেস্তোরাঁ, এমনকী রাস্তার ধারের দোকান- সর্বত্র খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। রবিবার বুনিয়াদপুর পুরসভার মিটিং হলে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক শুভজিৎ কুণ্ডু। বৈঠকে ছিলেন গঙ্গারামপুর মহকুমার ফুড সেফটি আধিকারিক। পুজোর দিনগুলিতে খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে কোনোরকম আপস করা চলবে না বলে ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
বুনিয়াদপুর শহর ও ব্লক এলাকার মিষ্টির দোকান, রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের দোকানের মালিকদের নিয়ে আয়োজিত এই বৈঠকে খাবার তৈরির পদ্ধতি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উৎসবের মরশুমে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বেশি মুনাফার আশায় খাবারের গুণমান কমানো কিংবা ভেজাল মেশানোর অভিযোগ যাতে না ওঠে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, পুজোর দিনগুলিতে ফুড সেফটি টিম বুনিয়াদপুর শহর সহ গোটা মহকুমায় বিভিন্ন খাবারের দোকানে নজরদারি চালাবে। খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে নিয়ম মেনে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে দোকান সিল করার মতো পদক্ষেপও করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
উৎসবের আনন্দে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছে মহকুমা প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগে পুজোর মরশুমে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে বলে আশা করছেন শহরবাসী। মহকুমা প্রশাসনের আধিকারিক বলেন, আগেভাগেই সতর্ক করার পাশাপাশি সচেতন করা হয়েছে ব্যবসায়ীদের। তারপরেও ভেজাল ব্যবহার করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



