নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একমাস ধরে জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় বন্ধ সাব পোস্ট অফিস। ফলে চরম দুর্ভোগে অন্তত ১০ হাজার গ্রাহক। অভিযোগ, ঝড়বৃষ্টিতে রাউটার খারাপ হয়ে যাওয়ায় জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় শাখা পোস্ট অফিস দু’মাসেরও বেশি সময় বন্ধ ছিল। ফলে সেখানে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সেই অসন্তোষ সামাল দিতে জলপাইগুড়ি শহরের সেনপাড়া সাব পোস্ট অফিস থেকে রাউটার খুলে ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যার কারণে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে সেনপাড়ায়।
বৃহস্পতিবার সেনপাড়া সাব পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ। পোস্ট অফিসের সামনে নোটিসে লিখে দেওয়া হয়েছে, লিঙ্ক না থাকায় এখানে কোনও কাজকর্ম হবে না। পরিষেবা পেতে গ্রাহকদের জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে যেতে হবে। এর ফলে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে, তা মেনে নিয়ে পোস্ট মাস্টার পিনাকীকুমার সরকার বলেন, এতে আমার কিছু করার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৮ মে থেকে সেনপাড়া সাব পোস্ট অফিস বন্ধ রয়েছে। আরও কতদিন বন্ধ থাকবে, বলতে পারব না।
পোস্ট মাস্টারের দাবি, রাউটার খারাপ হয়ে যাওয়ায় ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস অনেকদিন বন্ধ ছিল। শেষে আমার পোস্ট অফিস থেকে রাউটার পাঠানো হয় সেখানে। যার কারণে এখানে অনলাইনে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে পোস্ট অফিস বন্ধ রাখতে হয়েছে। তবে রোজ হেড পোস্ট অফিসে গিয়ে বসছি। আমার গ্রাহকদের মধ্যে যাঁরা সেখানে যাচ্ছেন, কাজ করে দিচ্ছি।
কিন্তু এভাবে কতদিন চলবে? পোস্ট মাস্টারের জবাব, আমিও বিষয়টি জানতে চেয়েছিলাম। বলা হয়েছে, দিল্লি থেকে রাউটার আসবে। তাতে কিছুটা সময় লাগবে।
পোস্ট অফিসের কাছেই প্রাক্তন সরকারি কর্মী শেখর ঘোষের বাড়ি। একমাস ধরে পোস্ট অফিস বন্ধ থাকায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এখন সমস্ত পরিষেবাই অনলাইনে। একমাসের বেশি সময় সেনপাড়া অফিস বন্ধ হয়ে রয়েছে বলে সমস্যায় পড়েছি আমরা। এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক ননীগোপাল দে বলেন, বাড়ির কাছেই পরিষেবা পাব বলে এখানে অ্যাকাউন্ট খুলি। এখন যদি সেই পোস্ট অফিস দিনের পর দিন বন্ধ থাকে, তাহলে আর কী সুরাহা হল?
সেনপাড়া সাব পোস্ট অফিসে আশপাশের অন্তত তিন-চারটি ওয়ার্ডের বাসিন্দাদের অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু সেটি বন্ধ করে রাখায় ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁদের দাবি, সেনপাড়া থেকে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে যেতে আসতে টোটো ভাড়া লাগছে ৬০ টাকা। তাছাড়া হেড পোস্ট অফিসে ভিড় থাকায় কাজ সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। বন্ধ পোস্ট অফিস। - নিজস্ব চিত্র।