Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি, বিশ্ববিদ্যালয়কে চিঠি পড়ুয়াদের, হায়দরাবাদের ‘নালসার’

‘ককরোচ’ বিতর্ক ও জেন জি-দের বিক্ষোভ যেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সূর্য কান্তের পিছু ছাড়ছে না।

সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি,  বিশ্ববিদ্যালয়কে চিঠি পড়ুয়াদের, হায়দরাবাদের ‘নালসার’
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ‘ককরোচ’ বিতর্ক ও জেন জি-দের বিক্ষোভ যেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সূর্য কান্তের পিছু ছাড়ছে না। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অব লিগাল স্টাডিস অ্যান্ড রিসার্চ (নালসার) ইউনিভার্সিটি। 

Advertisement

কিন্তু সেই আমন্ত্রণের বিরোধিতা করে উপাচার্যকে চিঠি লিখলেন আইনের সাড়ে চারশোর বেশি ফাইনাল ইয়ারের পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের অন্য অধ্যাপক ও অন্যান্য কর্তৃপক্ষকেও একই চিঠি পাঠানো হয়েছে। সেখানে ওই পড়ুয়ারা জানিয়েছেন, প্রধান বিচারপতিকে যেন সভাপতি তথা প্রধান অতিথি হিসাবে সমাবর্তনে আমন্ত্রণ জানানো না হয়। যেহেতু এখনও প্রধান অতিথির নাম চূড়ান্ত হয়নি, তাই পরিকল্পনা বদল করা হোক।
এবারই প্রথম নয়। বিচারপতি কান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হতে পারে—এই আশঙ্কায় সপ্তাহ খানেক আগে সমাবর্তন স্থগিত করে দিয়েছিল মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স। সেখানেও প্রধান অতিথি হিসাবে সিজেআইয়ের উপস্থিত থাকার কথা ছিল। দেশের অন্যতম প্রধান আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এভাবে চিঠি লিখে প্রধান বিচারপতিকে ‘বয়কট’-এর সিদ্ধান্ত বিতর্ক আরও বাড়াল বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিককালে প্রধান বিচারপতির একাধিক মন্তব্য ও নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নালসারের ওই পড়ুয়ারা। এই প্রসঙ্গে দিল্লিতে ছাত্র-যুবদের সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো দেখতে না চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, বিষয়টি নিয়ে আবেদনকারীর আইনজীবীকে যথেষ্ট বলার সুযোগ প্রধান বিচারপতি দেননি। যন্তরমন্তরে বিক্ষোভ নিয়ে আরও একটি মামলাতেও প্রধান বিচারপতির ভূমিকা এবং তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর ‘ককরোচ’ মন্তব্যের কথাও উল্লেখ করেছেন নালসারের পড়ুয়ারা। তাঁরা লিখেছেন, ‘আমাদের মতো পড়ুয়াদের প্রতি প্রধান বিচারপতি উদাসীনতা দেখিয়েছেন। যে ডিগ্রির সঙ্গে গভীর শিক্ষাগত ও আবেগ জড়িয়ে রয়েছে, সেই ডিগ্রি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো যথার্থ মনে হচ্ছে না।’ পড়ুয়াদের বক্তব্য, ‘প্রধান বিচারপতির পদমর্যাদা নিয়ে তাঁদের আপত্তি নেই। কিন্তু সাম্প্রতিককালে তিনি যে আচরণ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েই আমাদের সন্দেহ রয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ