


সংবাদদাতা, বোলপুর : বিভিন্ন দাবি সামনে রেখে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা।
পড়ুয়াদের অভিযোগ, তীব্র গরমের মধ্যেও ক্লাসরুমে এসি ও ফ্যান ঠিকমতো কাজ করছে না। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়ে ক্লাস করতে হচ্ছে তাদের। সেই জেরেই অসুস্থ হয়ে পড়েছে অনেকে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা, হোস্টেলের ক্যান্টিনে খাবার, পানীয় জল ও আবাসনের পরিবেশ নিয়েও ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা।
এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। পরে উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের সামনে নিজেদের দাবির কথা তুলে ধরেন ছাত্র-ছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের দীর্ঘক্ষণ আলোচনা চলে।
বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যার কথা জানানো কতৃপক্ষ তার কোনোরকম সুরাহা করেনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে তাদের। সেই সঙ্গেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।