Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় বাড়ি গিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা পড়ুয়াদের

শিক্ষক দিবসে ফুল, মালা নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর চল বহুদিনের

হাবড়ায় বাড়ি গিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা পড়ুয়াদের
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শিক্ষক দিবসে ফুল, মালা নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর চল বহুদিনের। কিন্তু হাবড়ার টুনিঘাটায় শনিবার ছবিটা ছিল অন্যরকম। প্রয়াত তিন ছাত্রদরদী শিক্ষকের বাড়িতে তাঁদের ছবি ও বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাল কচিকাঁচারা। টুনিঘাটা আদর্শ বিদ্যাপীঠের এক সময়ের প্রধান শিক্ষক সুমন্তকুমার বিশ্বাস। তাছাড়া শিক্ষক নরেন্দ্রনাথ দত্ত ও বিজয় বাগচি ছিলেন ছাত্রছাত্রীদের অত্যন্ত কাছের। শিক্ষক দিবসে তাঁদের স্মৃতিকে সামনে রেখেই এবার অন্যরকম দিনটি পালন করল টুনিঘাটার ‘এক টাকার পাঠশালা’-র পড়ুয়ারা। এক টাকার পাঠশালার এক শিক্ষক সঞ্জীব কাঞ্জিলাল বলেন, তিন শিক্ষকই প্রকৃত অর্থেই ছাত্রদরদী ছিলেন। বাড়িতে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাঠশালার পড়ুয়ারা। বনগাঁতেও শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে বনগাঁ ও বাগদার একাধিক স্কুলে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। স্কুলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ঠাকুরনগর হাইস্কুলেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হয়। স্কুলেই ছোটবেলায় পড়াশোনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। শিক্ষক দিবসে দু’জনই স্কুলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এদিকে, হুগলি জেলাজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল শিক্ষক দিবস। হুগলির চুঁচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার জয়দেব অধিকারী। এদিন সকাল সকাল বাবুগঞ্জ, বড়বাগান, প্রতাপুর এলাকায় ঘুরে ঘুরে শিক্ষকদের হাতে  তুলে দিয়েছেন গোলাপ। জয়দেব বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। তাই তাদের পৃথকভাবে সম্মান জানানোর ইচ্ছে ছিল। সেই কাজই এদিন করেছি। তবে জেলার নিম্ন দামোদর এলাকা প্লাবিত। তাই কিছু স্কুলে অস্থায়ী ত্রাণশিবিরও তৈরি করতে হয়েছে। সেই কারণে বেশ কিছু জায়গায় শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়নি।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ