রঘুনাথগঞ্জে ২ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের একসঙ্গে তিথি ভোজন
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জে দুই প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলে স্বাদবদল হল। রঘুনাথগঞ্জ-২ ব্লকের ৩৩নম্বর জোতকমল ও ৯০ জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের তিথি ভোজন করানো হল।  পাশাপাশিই দু’টি স্কুল রয়েছে। দুই স্কুলের দু’জন শিক্ষক-শিক্ষিকার ছেলেমেয়ের জন্মদিন উপলক্ষ্যে তাদের নানা সুস্বাদু পদ খাওয়ানো হয়। শুক্রবার এই মেনুতে ছিল, ফ্রায়েড রাইস, আলুভাজা, আলু-পটলের তরকারি, চিকেন কষা, চাটনি ও দই-মিষ্টি। চেটেপুটে খেয়ে, মুখে হাসি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

Advertisement

৩৩নম্বর জোতকমল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিফ ইকবালের কন্যা আসিফা সুলতানা ও ৯০নম্বর জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা কর্মকারের পুত্র সৃজিৎ কর্মকারের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে তিথি ভোজনের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে কেক কাটার পাশাপাশি খুদে পড়ুয়ারা নাচ-গানে মেতে ওঠে। দুই স্কুলের প্রায় ৫০০ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা এই ভোজে অংশ নেন। আসিফ সাহেব ও সঞ্চিতাদেবী বলেন, ছাত্রছাত্রীরা আমাদের কাছে নিজের সন্তানের মতোই। তাই ছেলেমেয়েদের জন্মদিনের আনন্দ স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিলাম। শিশুরা সবাই খুব আনন্দ করেছে।
অনুষ্ঠানে জেলা শিক্ষাদপ্তরের মিড-ডে মিল বিভাগের মুখ্য আধিকারিক আশিসকুমার নন্দী, রঘুনাথগঞ্জ-২ এর ডিইও রাজীব শেখ সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁরা এমন উদ্যোগের প্রশংসার পাশাপাশি পড়ুয়াদের মাঝেমধ্যে পুষ্টিগুণসমৃদ্ধ ও নতুন নতুন পদ খাওয়ানোর পরামর্শ দেন। শিক্ষানুরাগী তথা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষও শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। স্কুলের পঠনপাঠনের মান উন্নত করতে সবরকম সহায়তার আশ্বাস দেন। • নিজস্ব চিত্র