Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ক্যাম্পাসের পাশে আইটি পার্ক তৈরিতে বাধা পড়ুয়াদের, পুলিসের সঙ্গে সংঘাত

আইটি পার্ক তৈরির জমি নিয়ে পুলিসের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ। উত্তপ্ত হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চত্বর।

ক্যাম্পাসের পাশে আইটি পার্ক তৈরিতে বাধা পড়ুয়াদের, পুলিসের সঙ্গে সংঘাত
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: আইটি পার্ক তৈরির জমি নিয়ে পুলিসের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ। উত্তপ্ত হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসের পাশে ৪০০ একর জমিতে আইটি পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। কিন্তু পড়ুয়াদের দাবি, ওই জমি বিশ্ববিদ্যালয়ের। সেখানে পার্ক তৈরি হলে প্রচুর গাছ কাটা পড়বে। এজন্য পার্কের বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন তাঁরা। রবিবার প্রশাসন বুলডোজার ও আর্থমুভার নিয়ে সেখানে গেলে উত্তেজনার পারদ চড়ে। পড়ুয়ারা কাজে বাধা দিলে পুলিস তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি। বুলডোজারের উপরে উঠে ‘গো ব্যাক’, ‘পুলিসরাজ মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিস। একাধিক ভিডিওতে পুলিস ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের ছবি ধরা পড়েছে। পুলিসের দাবি, ৫৩ জন পড়ুয়াকে আটক করা হয়েছে।

Advertisement

এই ঘটনা ঘিরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসক দল কংগ্রেসের নির্দেশে পড়ুয়াদের উপর অত্যাচার চালানোর অভিযোগে সরব বিরোধী ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। তেলেঙ্গানার মুখমন্ত্রী এ রেবন্ত রেড্ডির পাল্টা অভিযোগ, পড়ুয়াদের উস্কানি দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ওই জমিটি হায়দরাবাদ শহরের আইটি হাবের অংশ। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও যোগ নেই। রাজ্যে বিনিয়োগের স্বার্থেই আইটি পার্ক তৈরি জরুরি। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকও জানিয়েছেন, ১৯৭৪ সাল থেকে ওই জমিটি সরকারের অধীনে রয়েছে।
বিআরএস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দাবি, পড়ুয়াদের রীতিমতো লাঠিপেটা করে, চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রীরা জামা ছিঁড়ে যাওয়ায় কাঁদছিলেন। তারপরেও তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাহুল গান্ধীকে নিশানা করে চন্দ্রশেখরের কটাক্ষ, এটা ‘মহব্বত কা দুকান’ নয়, বিশ্বাসঘাতকতার বাজার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল। পুলিস জোর করে পড়ুয়াদের আটক করে নিয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ