Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

শুধু প্রতিবাদ করায় ছাত্রসমাজকে জেলে ভরা হচ্ছে, ক্ষুব্ধ বিচারপতি

শিক্ষার্থীদের প্রতিবাদে গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ বিচারপতি উজ্জ্বল ভুঁয়ান মন্তব্য করেছেন। নাগরিক অধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

শুধু প্রতিবাদ করায় ছাত্রসমাজকে জেলে ভরা হচ্ছে, ক্ষুব্ধ বিচারপতি
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিরুদ্ধ মত প্রকাশের সুযোগ এদেশে ক্রমশ সংকুচিত হচ্ছে। এটা এমন সংক্রামক স্তরে পৌঁছেছে যে নিজেদের অধিকারের দাবি জানাতে গিয়েও গ্রেপ্তার হচ্ছেন পড়ুয়ারা। তাঁদের জামিনের আবেদন খারিজ করা হচ্ছে। আর জামিন পেলেও এতটাই কঠোর শর্ত দেওয়া হচ্ছে, যে ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। শনিবার এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁয়ান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন উত্তাল ছিল গোটা দেশ, তখন সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। তবে তিনি দিল্লির যন্তরমন্তরের প্রতিবাদের উল্লেখ করেননি। অতীতের বেশ কিছু ঘটনার রেশ ধরেই এই মন্তব্য করেন।

Advertisement

শনিবার বিচারপতি জি পি সিং স্মারক বক্তৃতার আয়োজন করেছিল ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউ ইউনিভার্সিটি (এনএলআইইউ)। সেখানেই নানা ঘটনায় আইন প্রয়োগের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ভুঁয়ান। গত মার্চে গঙ্গাবক্ষে ইফতার পার্টি করার জন্য ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করে বারাণসী পুলিশ। তাঁদের বিরুদ্ধে পবিত্র স্থান নষ্ট করা, জল দূষণ, ভাবাবেগে আঘাত সহ একাধিক ধারায় মামলা করা হয়। এই নিয়ে বিচারপতি বলেন, ‘আমি নিশ্চিত চিকেন বিরিয়ানি খাওয়া কোনো অপরাধ নয়। এটা অপরাধ হতেই পারে না…। অথচ এ কারণেই তাঁদের গ্রেপ্তার করা হল। তাঁদের তিনমাস গারদের ঘানি টানতে হল।’ 
সাম্প্রতিক সময়ে ‘লঘু পাপে গুরুদণ্ড’ নিয়েও সরব হয়েছেন বিচারপতি ভুঁয়ান। তাঁর কথায়, ‘মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো নাগরিকের মৌলিক অধিকার। বিতর্ক ও ভিন্নমত পোষণ করা হল গণতন্ত্রের মূল নির্যাস। অথচ সামান্যতম ভিন্নমত দেখলেই দাগি অপরাধি হিসাবে দেগে দেওয়া হচ্ছে।’ বিচারপতি আরও বলেন, ‘পরিবেশের ক্ষতি নিয়েও অনেকে সরব। বাস্তবেও তাঁদের অভিযোগ অস্বীকার করা যায় না। অথচ তাঁদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত পড়ুয়াদের গ্রেপ্তার করা হচ্ছে। তাঁরা ৩০-৪০ দিন জামিন পাচ্ছেন না।’ 
গত বছর মুম্বইয়ের আজাদ ময়দানে ইজরায়েলের হাতে আক্রান্ত গাজার সমর্থনে জমায়েতের আবেদন করেছিল সিপিএম। তাদের সেই আবেদন খারিজ করে বম্বে হাইকোর্ট জানিয়েছিল, দেশে বহু সমস্যা রয়েছে। হাইকোর্টের কথায়, ‘আপনারা গাজা, প্যালেস্তাইন দেখতে পাচ্ছেন। দেশের দিকে তাকান। দেশপ্রেমিক হোন। আপানাদের আচরণ দেশপ্রেমিকের মতো নয়।’ এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ভুঁয়ান। তাঁর মতে, বম্বে হাইকোর্টের মন্তব্য ‘বেশ মজাদার’। 

Advertisement
সম্পর্কিত সংবাদ