কানপুর: ‘আমার শুধু একটা ন্যায্য সুযোগ চাই।’ প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে না পারায় আইআইটি কানপুরের ওয়েবসাইট হ্যাক করে এমনই বার্তা দিলেন এক পড়ুয়া। তিনি সাইবার সিকিউরিটির বি-টেক কোর্সে ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পাশ করতে পারেননি। তাই নিজের দক্ষতা প্রমাণ করার জন্য অভিনব পন্থা বেছে নেনে। আইআইটির ওয়েবসাইটই হ্যাক করে, সাইটের অর্ধেক অংশ মুছে দিয়ে সেখানে নিজের বার্তা পোস্ট করেন তিনি। লেখেন, ‘এই সাইট হ্যাক করা হয়েছে। আমার শুধু একটা সুযোগ চাই।’ তার সঙ্গেই কেন তিনি এই পথ বেছেছেন এবং কোন পন্থায় আইআইটির সাইট হ্যাক করেছেন, তারও বিস্তারিত ব্যাখ্যা দেন ওই পড়ুয়া। এমন কাণ্ডের পর অবশ্য পুলিশে অভিযোগ জানায়নি আইআইটি কর্তৃপক্ষ। তার বদলে ওই পড়ুয়াকে সাইবার সিকিউরিটি সেন্টারে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। আইআইটি কানপুরের ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, ‘আমরা ওই পড়ুয়ার ভবিষ্যত্ নষ্ট করতে চাই না। কিন্তু ভরতি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাছাড়া ভরতি প্রক্রিয়ার সঙ্গে আইনি বিষয়ও জড়িত থাকে। তাই সব দিক বিবেচনা করে ওই পড়ুয়াকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। পরের বছর তিনি সাধারণ প্রক্রিয়ায় বি-টেক কোর্সে ভরতি হওয়ার সুযোগ পাবেন।’ তবে, কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে সুযোগ পাওয়া কখনোই উচিত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন ডিরেক্টর। ওই পড়ুয়া জানিয়েছেন, তিনি আইআইটি কানপুরের ক্ষতি করতে চাননি। তিনি শুধু সাইবার সুরক্ষায় নিজের দক্ষতা সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন।



