নয়াদিল্লি: ‘নিট পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের পরিবার বছরে যত টাকা খরচ করে, তা শিক্ষাক্ষেত্রে সরকারের বরাদ্দের সমান। এটা অপরাধ। ভারতের অসম্মান।’ এমনই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রাজস্থানের কোটায় পড়ুয়াদের নিয়ে একটি সভায় যোগ দেন রাহুল। সেখানে তাঁর দাবি, ‘২২ লক্ষ পড়ুয়া নিট পরীক্ষা দেয়। এই পরিবারগুলির থেকে প্রায় ১.৩২ লক্ষ কোটি টাকা টেনে নেওয়া হয়। এক বছরে এই ২২ লক্ষ পরিবার যত টাকা খরচ করে, তত টাকাই গোটা বাজেটে বরাদ্দ করে সরকার। বর্তমান শিক্ষাব্যবস্থা নির্বাচনের নয়, প্রত্যাখ্যানের ব্যবস্থা হয়ে উঠেছে। এই ব্যবস্থা ছাত্রছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের উপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে।’ তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে, যেন দেশের কোনো পড়ুয়া কখনো এমন কোনো পরিস্থিতিতে না পড়ে, যাতে তাকে আত্মঘাতী হওয়ার কথা ভাবতে হয়।’ তাঁর অভিযোগ, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা তোলাবাজির থেকে বেশি কিছু নয়।’ এদিন রাহুলের মঞ্চে উপস্থিত ছিল বহু ছাত্রছাত্রীরা ও তাদের পরিবার।



