Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

স্টুয়ার্ট ফিরলে আরও তীক্ষ্ণ হবে মোহন বাগান

স্টুয়ার্ট ফিরলে আরও তীক্ষ্ণ হবে মোহন বাগান
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সত্যজিৎ চ্যাটার্জি, কলকাতা: দলের শক্তি নির্ভর করে রিজার্ভ বেঞ্চের উপর। কঠিন সময়ে ডাগ আউটই পার্থক্য গড়ে দেয়। মরশুমের শুরুতে সোনায় মোড়া স্কোয়াড গড়েছিল মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। তাদের দূরদর্শিতার প্রশংসা করতে হবে। সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তার প্রমাণ বৃহস্পতিবারের মোহন বাগান বনাম পাঞ্জাব ম্যাচ। গ্রেগ স্টুয়ার্ট, পেত্রাতোস, আশিক কুরুনিয়ানের মতো একঝাঁক তারকা চোটের কারণে বাইরে। তবু অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ভিদালদের বশ মানাতে বিশেষ অসুবিধা হয়নি মোলিনা ব্রিগেডের।  চ্যাম্পিয়নের মতোই খেলছে এই সবুজ-মেরুন ব্রিগেড। 
Advertisement
ম্যারাথন লিগে পারফরম্যান্সের ওঠানামা থাকে। মোহন বাগানও ব্যতিক্রম নয়। তবে খারাপ দিনেও তিন পয়েন্ট তুলে নেওয়া মস্তবড় কৃতিত্ব। এখানেই অন্যদের সঙ্গে বড় দলের তফাত। আসল পার্থক্যটা মানসিকতায়। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল কামিংসরা। এটাই আত্মসম্মানে আঘাত করে তাদের। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে ঝাঁপায় গোটা দল। রক্ষণ থেকে বিপক্ষ বক্সে পৌঁছে আলবার্তোর লক্ষ্যভেদ তারই নিদর্শন। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও কামান দাগা শটে তিন পয়েন্ট নিশ্চিত করেছিল স্প্যানিশ ডিফেন্ডারটি। ওড়িশা এফসি’র স্টপার মোর্তাদা ফলের মতো আলবার্তোও লক্ষ্যভেদে পারদর্শী। ক্রমশই ‘দ্য ওয়াল’ হয়ে উঠছে। পাশাপাশি লিস্টন আর মনবীরের প্রশংসাও করতে হয়। এই মুহূর্তে দেশের সেরা দুই উইং হাফ ওরা। গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে উঠলে আরও বিপজ্জনক হবে মোহন বাগান। ও এই দলটার মূল ইঞ্জিন। স্কটিশ মিডিওর থাকা আর না থাকার তফাত বিস্তর। চোট সারাতে পর্যাপ্ত বিশ্রামও পেয়েছে। আমার ধারণা, সুস্থ হয়ে আরও চনমনে মেজাজে মাঠে ফিরবে গ্রেগ। ফর্মে থাকলে ওকে আটকানো কঠিন। মাঝমাঠ থেকে বলের জোগান বাড়লে যে কোনও রক্ষণে কাঁপন ধরাতে পারেন কামিংসরা। সামনে বেশকিছু কঠিন ম্যাচ রয়েছে। রোজ আলবার্তো ত্রাতা হবেন না। স্টুয়ার্টের মতো গেমচেঞ্জারকেও প্রয়োজন। কোচ হোসে মোলিনা নিশ্চয়ই তা উপলব্ধি করছেন।
সম্পর্কিত সংবাদ