


সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর কলেজে মহকুমার চার বিধানসভার ইভিএম রাখা হয়েছে। রবিবার স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুরে। অভিযোগ, এদিন সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ইসলামপুর কেন্দ্রের স্ট্রং রুমের দুটি সিসি ক্যামেরা বন্ধ ছিল। ফুটেজ দেখতে না পেয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়।
কলেজের একাধিক কক্ষকে ব্যবহার করা হয়েছে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর ও চাকুলিয়া কেন্দ্রের স্ট্রং রুম হিসেবে। স্ট্রংরুমের দরজা বাইরে থেকে সিল করা হয়েছে। স্ট্রং রুমগুলি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের সিল করা দরজা, দোতলায় ওঠার সিঁড়ি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কলেজ চত্বরের বাইরে করা হয়েছে ওয়াচিং পয়েন্ট। সেখানে একটি মনিটরে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতা কর্মীরা ওয়াচিং পয়েন্ট থেকে ভিতরের ভিডিও ফুটেজ দেখতে পারেন।
তৃণমূলের পক্ষ থেকে বেশকিছু কর্মী ২৪ ঘণ্টা সেখানে থাকছেন। অভিযোগ, এদিন সকালে দুটি সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছিল না। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি তথা তৃণমূল প্রার্থীর নির্বাচনি এজেন্ট জাকির হুসেন, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ, বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় খোঁজখবর নিতে কলেজে পৌঁছন।
সিসি ক্যামেরা বন্ধে কারচুপির গন্ধ পাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের নির্বাচনি এজেন্ট জাকির বলেন, এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। তাই কমিশনের উপর আমাদের আস্থা নেই। আমাদেরও নজরদারি চলছে। এই সময় সিসি ক্যামেরা বন্ধ হওয়াতে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়। কারচুপির আশঙ্কা তৈরি হয়েছিল। তাই সেখানে গিয়েছিলাম। অভিযোগ জানিয়েছিলাম।
সিসি ক্যামেরা কেন বন্ধ হয়েছিল? জাকির বলেন, বজ্রপাতের কারণে এমনটা হয়েছে।
বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বলেন, খারাপ আবহাওয়ার জন্য ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। ফোন না তোলায় এবিষয়ে এসডিও অঙ্কিতা আগরওয়ালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর দেননি।
রাজনৈতিক মহলের একাংশ বলছে, নির্বাচন কমিশন সমস্ত বিষয়ে অতিসক্রিয়তা দেখাচ্ছে। কিন্তু সিসি ক্যামেরা ৩৫ মিনিট বন্ধ থাকায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। প্রশাসন জানিয়েছে, স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। গেটে রাজ্য সরকারের পুলিশও মোতায়েন আছে। স্ট্রং রুম সুরক্ষিত রয়েছে। • ইসলামপুর কলেজে স্ট্রং রুমের সিসি ক্যামেরা ওয়াচ পয়েন্ট।