Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে একের পর এক ধর্ষণ কাণ্ড: উষ্মা সুপ্রিম কোর্টের

দিল্লি-এনসিআরে পার্কের ভিতর কিশোরীকে ধর্ষণ। কখনও আবার উত্তরপ্রদেশ থেকে আসা নাবালিকাকে সাহায্যের নাম করে বাসের ভিতর গণধর্ষণ।

রাজধানীতে একের পর এক ধর্ষণ কাণ্ড: উষ্মা সুপ্রিম কোর্টের
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি-এনসিআরে পার্কের ভিতর কিশোরীকে ধর্ষণ। কখনও আবার উত্তরপ্রদেশ থেকে আসা নাবালিকাকে সাহায্যের নাম করে বাসের ভিতর গণধর্ষণ। রাজধানীতে লাগাতার এহেন নারী নির্যাতনের ঘটনায় সোমবার উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এব্যাপারে স্বতঃপ্রণোদিত পদক্ষেপে  ‘নির্ভয়া কাণ্ডের’ উল্লেখ করে রাজধানীর নিরাপত্তাহীনতার জন্য প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তুলল শীর্ষ আদালত।  বিচারপতি জে বি পারদিওয়ালা এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সাফ জানাল, ২০১২ সালে ১৬ ডিসেম্বরের যন্ত্রণাদায়ক নির্ভয়া কাণ্ডের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলির তুলনা না টেনে পারা যায় না। 

Advertisement

আদালত বলেছে, বিশেষ করে দেশের রাজধানীতে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বেঞ্চ ক্ষোভের সুরে বলেছে, ধর্ষণের ঘটনা ঘটলেই আমরা নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা টানি। নির্ভয়ার সেই যন্ত্রণার কথা মনে করি। অথচ আখেরে তা রুখতে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। 
রাজধানীর বুকে এহেন যৌন নির্যাতনের ঘটনা এটাই প্রমাণ করে যে, মহিলা ও শিশুদের উপর অত্যাচার রুখতে প্রশাসন আদতে ব্যর্থ। বাস, পুলকারের মতো যাত্রী পরিষেবায় যদি মহিলা ও শিশুদের এইভাবে নির্যাতনের সম্মুখীন হতে হয়, তাহলে সেটা গোটা সমাজের জন্য চিন্তার। শীর্ষ আদালতের অভিমত, পার্ক বা বাসের মতো জায়গা যদি প্রশাসনিক নজরদারির বাইরে থাকে এবং চরম নিরাপত্তাহীন হয়ে ওঠে তাহলে তা কখনোই মেনে নেওয়া যায় না। প্রশাসনিক ব্যর্থতার যে বিষয়গুলির জন্য এই ঘটনা ঘটছে, তার দায় নিতেই হবে। 
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দক্ষিণপূর্ব দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তার আগে আগস্ট মাসে বৃষ্টি থেকে বাঁচতে ফাঁকা বাসে উঠলে এক নাবালিকাকে চালক ও কনডাকটর ধর্ষণ করে বলে অভিযোগ। বাসটি মইনপুরী থেকে নয়ডা যাচ্ছিল। এই দু’টি ঘটনা ছাড়াও দিল্লির বুকে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে। এই বিষয়গুলি নিয়েই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ