নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোট মিটলেও রাজনৈতিক উত্তাপ কমার লক্ষণ দেখা যাচ্ছে না সীমান্তবর্তী বসিরহাট মহকুমায়। রাজনৈতিক সংঘর্ষ ও ভোট পরবর্তী হিংসার আশঙ্কার মধ্যেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে বসিরহাটের একাধিক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্তের অনেকটা অংশ কার্যত উন্মুক্ত। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করতে তৎপর হল বসিরহাট জেলা পুলিশ। রবিবার পুলিশ জেলার সুপার অলকানন্দা ভাওয়াল বিএসএফের আধিকারিকদের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথ টহল ও চেকিং চালান। সীমান্তবর্তী একাধিক স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কোথাও নজরদারিতে ফাঁক থাকছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সীমান্তে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া এলাকায় যাতে কোনোরকম অশান্তি, অপরাধমূলক কার্যকলাপ বা অনুপ্রবেশ না ঘটে, তা নিশ্চিত করতেই জেলা পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হয়নি, সেই উন্মুক্ত অংশগুলিতে প্রশাসনকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। এদিন বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত সীমান্তবর্তী থানাগুলির আইসি, ওসি এবং সিনিয়র পুলিশ আধিকারিকরাও বিএসএফের সঙ্গে যৌথভাবে হাসনাবাদ, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় টহল দেন। সীমান্ত সংলগ্ন গ্রাম, নদীপথ, ফাঁকা চর এলাকা এবং যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলে তল্লাশি। স্থানীয়দের দাবি, ভোট পরবর্তী সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগও আছে যথেষ্ট। তাই পুলিশ ও বিএসএফের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। -নিজস্ব চিত্র



