নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তারাতলার মর্মান্তিক নির্মাণ বিপর্যয়ের পর এবার হাওড়া ও বালির গঙ্গার পাড় সংলগ্ন নির্মীয়মাণ বহুতলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে তৎপরতা শুরু হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্প ছাড়া ছ’তলা ও তার বেশি উচ্চতার সমস্ত বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে আগামী সোমবার হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পর শহরের নির্মীয়মাণ বহুতলগুলির সমীক্ষা শুরু হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ হাওড়া ও বালির একাংশে কার্যকর হয়েছে। রাজ্যের গঠিত কমিটির অডিটে ছাড়পত্র মিললেই ফের নির্মাণকাজ শুরু করা যাবে। পুরসভা সূত্রে খবর, গত দেড় দশকে উত্তর হাওড়া ও বালিতে গঙ্গার পাড় লাগোয়া এলাকায় অসংখ্য বহুতল গড়ে উঠেছে। তার মধ্যে কতগুলি অনুমোদিত নকশা মেনে তৈরি হয়েছে, কোথাও নির্মাণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, আইনি নোটিস পাওয়ার পরেও নির্মাণ কাজ বন্ধ করেনি কারা, এমন বহুতলের প্রকৃত সংখ্যা কার্যত অজানা। তদন্তকারী দল প্রতিটি নির্মীয়মাণ বহুতলে গিয়ে মাটির ধারণ ক্ষমতা, ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বজ্রপাত প্রতিরোধে লাইটনিং প্রোটেকশন সিস্টেম রয়েছে কি না, সবই পরীক্ষা করবে। পাশাপাশি গঙ্গার ধারে পোর্ট ট্রাস্টের জমিতে থাকা বহু পুরানো গোডাউন নামমাত্র সংস্কার করে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বলে পুরসভা সূত্রে দাবি। উল্লেখ্য, গত মে মাসে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়েছিল। তার ভিত্তিতে শহরে প্রায় ৬০০টি বেআইনি নির্মাণকে চিহ্নিত করে প্রথম দফায় ছ’টি বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই ১১ সদস্যের বিশেষ অডিট কমিটি গঠন করেছে। কলকাতা, বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগরের পাশাপাশি হাওড়া পুরসভার গঙ্গার ধারের নির্মীয়মাণ প্রকল্পও এই অডিটের আওতায় এসেছে। নকশা, অগ্নিনির্বাপণ ও বৈদ্যুতিক নিরাপত্তা সহ সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে। বড়ো ধরনের অনিয়ম ধরা পড়লে অনুমোদন বাতিল হতে পারে। সামান্য ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ দিয়ে অডিটে সন্তোষজনক রিপোর্ট মিললে ১ আগস্ট থেকে ফের নির্মাণকাজ শুরুর অনুমতি দেওয়া হবে।