সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ শহরে দাপিয়ে বেড়ানো বেআইনি টোটোর বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হতে পারে। মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে পুলিশ প্রশাসন ও একাধিক দপ্তরের অফিসারদের মধ্যে যানজট নিরসনে বৈঠক হয়। সেখানেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার রোড সেফটি কমিটির পক্ষ থেকে আরণ্যক সভাকক্ষে বৈঠকটি হয়। সেখানে ছিলেন মহকুমা শাসক, বনগাঁ পুরসভার চেয়ারম্যান, পূর্ত দপ্তরের আধিকারিক, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার ফুটপাত ও সরকারি জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলে মাইকিং করা হবে। পাশাপাশি নোটিশও দেওয়া হবে ওই ব্যবসায়ীদের। নোটিশ অমান্য করে যাঁরা সরকারি জমি দখল করে ব্যবসা করবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশ এসেছে। সেই নির্দেশ মতো বুধবার মাইকিং শুরু হবে। পরবর্তীতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হবে। যাঁরা প্রশাসনের নির্দেশ অমান্য করবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপশি, এদিন যশোর রোডের পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন গাছের শুকনো, মৃত ডাল কাটার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতীকী চিত্র