Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

যে দল মানুষের সঙ্গে রয়েছে, তাদের হাতই শক্ত করুন: দেব

‘জয় শ্রীরাম’ বা ‘জয় বাংলা’র মাঝে থাকবেন না তিনি। যে সরকার আপনাদের ভালো রাখবে, সুস্থ রাখবে, এক রাখবে সেই সরকারের পাশে থাকবেন।

যে দল মানুষের সঙ্গে রয়েছে, তাদের হাতই শক্ত করুন: দেব
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘জয় শ্রীরাম’ বা ‘জয় বাংলা’র মাঝে থাকবেন না তিনি। যে সরকার আপনাদের ভালো রাখবে, সুস্থ রাখবে, এক রাখবে সেই সরকারের পাশে থাকবেন। সোমবার আমতা ফুটবল মাঠে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমল দাসের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় এসে এই কথা বলেন চিত্রতারকা তথা সাংসদ দেব। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম দেখে কাজ করেন না, মানুষকে ভালো রাখা, সুস্থ রাখাই তৃণমূলের ধর্ম। সুতরাং যাদের ধর্মই হল কাজ, এবারের ভোটে তাদের হাত শক্ত করবেন আপনারা। দেবের এই সমাবেশে এদিন উপচে পড়েছিল ভিড়।

Advertisement

দেব বলেন, যাঁরা একটু রাজনীতি বোঝেন, তাঁরা জানেন, গত ১৫ বছরে একজন মহিলা কীভাবে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন। সেই হাওয়াই চটিকে হারাতে দেশের বড়ো বড়ো মুখ্যমন্ত্রীরা এসেছেন। তবে গত এক মাসে রাজ্যজুড়ে ১০০টিরও বেশি জনসভা করে এটুকু বুঝতে পেরেছি, এবারের নির্বাচনে তৃণমূল ২০২১ সালের তুলনায় কমপক্ষে ১০টি আসন বেশি পাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এদিন দেব বলেন, এমন কোনো জায়গা দেখিনি, যেখানে দিদির দলের প্রার্থীকে আশীর্বাদ করতে মানুষ এগিয়ে আসেননি। ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। তবে ভোট দেওয়ার আগে যে দল আপনাদের সঙ্গে ছিল, আছে এবং আপনাদের সঙ্গে থাকবে, তাদের দিকটা নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন।
দেব তাঁর ভাষণে বলেন, কোনো দল বড়ো হয়, তার কাজের জন্য, ব্যবহারের জন্য এবং কর্মীদের জন্য। তৃণমূল কংগ্রেস এখানেই অন্যান্য দলের থেকে আলাদা। পৃথিবীতে কোথাও মন্দির-মসজিদ বানানো নিয়ে নির্বাচন হয় না। কে কতটা উন্নয়ন করেছে, কতটা মানুষকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তা দিয়েই নির্বাচন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। এদিনের জনসভায় উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস ছাড়াও সাংসদ সাজদা আহমেদ এবং মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায় উপস্থিত ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ