Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ইছামতীতে বইবে স্রোত! মন্ত্রীর আশ্বাসে খুশি বনগাঁর বাসিন্দারা

ইছামতী নদী সংস্কার বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি। বহুবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই নদী সংস্কারের প্রতিশ্রুতিও মিলেছে।

ইছামতীতে বইবে স্রোত! মন্ত্রীর আশ্বাসে খুশি বনগাঁর বাসিন্দারা
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ইছামতী নদী সংস্কার বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি। বহুবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই নদী সংস্কারের প্রতিশ্রুতিও মিলেছে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। কচুরিপানায় আবদ্ধ জরাজীর্ণ নদীটি আজ মৃতপ্রায়। তবে রাজ্যে সরকার গঠন করেই বাংলার নদীনালা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। সেই সরকারের মন্ত্রী অশোক কীর্তনিয়ার মুখে ইছামতী নদী সংস্কারের আশ্বাস। মন্ত্রীর আশ্বাসে আশায় বুক বাঁধছে বনগাঁবাসী। 

Advertisement

তাঁদের দাবি, এবার হয়তো নদীতে স্রোত বইবে। শনিবার বনগাঁর এক অনুষ্ঠানে এসে মন্ত্রী প্রিয় ইছামতী নদী সংস্কারের আশ্বাস দেন। এদিন সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ইছামতী নদী সংস্কার দীর্ঘদিনের সমস্যা। এই নদী সংস্কার হবেই। যেহেতু পুজো আসতে চলেছে, সেই কারণে তড়িঘড়ি নদীর কচুরিপানা পরিষ্কার করতে জেলাশাসকের কাছে আবেদন করেছি। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।
নদিয়ার মাজদিয়া পাবখালি থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা কালাঞ্চি পর্যন্ত ইছামতী প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ। এই নদী পথে কোথাও হাঁটু জল, কোথাও নদী প্রায় শুকিয়ে গিয়েছে। নদীর বুকে গজিয়ে উঠেছে আগাছা। তবে মন্ত্রীর আশ্বাসে নতুন করে আশায় বুক বাঁধছেন শহরের বাসিন্দারা। বনগাঁর বাসিন্দা কবি বিভাস রায়চৌধুরী বলেন, আমাদের ঘরের মানুষ মন্ত্রী। তিনি যদি প্রিয় ইছামতী নদীতে স্রোত বইয়ে দেন, আমরা বেঁচে যাবো। মন্ত্রী আমাদের কাছে অমর হয়ে থাকবেন।
এদিন শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নেরও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, সঠিক পরিকল্পনা করে নিকাশি নালা না হওয়ায় বর্ষায় জমা জলে বাসিন্দাদের অসুবিধায় পড়তে হয়। আগামী দিনে সেই সমস্যার সমাধান করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ