নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসের শুরু থেকেই প্রকৃতির খামখেয়ালিপনা। কলকাতায় কখনো রোদ। কখনো প্রবল বৃষ্টি। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই চিত্র ধরা পড়ছে রোজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।
পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বীরভূম জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। চলতি সপ্তাহের বৃতস্পতিবারও এই জেলাগুলিতে একই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অতিরিক্ত আরও ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের চিত্রটাও কিছুটা একই। তবে গত সপ্তাহান্ত থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করেছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।