


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এজন্য আগামী দু-তিনদিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি হতে পারে। ঝড়বৃষ্টি চলবে শনিবারের পরেও কয়েকদিন।
বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করা ও অন্যান্য পরিস্থিতির জন্য কয়েকদিন যাবৎ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলছে। দিনকয়েক আগে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু স্থানে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হয়। কালবৈশাখীর তাণ্ডব চলে কলকাতা এবং কিছু জায়গায়। পরবর্তী কয়েকদিন কলকাতায় ও আশপাশে বিশেষ কিছু হয়নি। কিন্তু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ২২০ থেকে ৫০ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃহস্পতিবারও দুপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। ‘কমলা’ সতর্কতা জারি করা হয় পুরুলিয়ায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়। আপাতত শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, হুগলি, নদীয়া, বাঁকুড়া, নদীয়া, বীরভূম, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার জন্যও। শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হলে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ঝড়বৃষ্টির জন্য বজ্রপাত ও অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।