Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি, ব্যাপক বর্ষণের সম্ভাবনা উত্তরেও

আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ভারী বর্ষণ হতে পারে। বিস্তারিত পড়ুন।

আজ দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি, ব্যাপক বর্ষণের সম্ভাবনা উত্তরেও
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে।  এই জেলাগুলি ছাড়া দুই বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, রাজস্থান থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশের অনুকূল পরিস্থিতি থাকায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। আগামীকাল শুক্রবারও দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সরে যাওয়ার পর গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে গিয়েছে। 
উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় বেশি মাত্রায় বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু জায়গায়। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমি অক্ষরেখা ছাড়াও উত্তরবঙ্গের কাছাকাছি আছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে কোচবিহারে সবথেকে বেশি ১০০ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি ২০ মিমি বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে। 
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, জুন থেকে দক্ষিণবঙ্গের যেসব জেলায় বৃষ্টির সামগ্রিক ঘাটতি আছে সেখানে জুলাইয়ের প্রথম সপ্তাহে কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে পুরুলিয়া ও বাঁকুড়া আছে। তবে জুলাইতেও বৃষ্টির অনেকটাই ঘাটতি রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর ও নদীয়া জেলায়। নিম্নচাপের প্রভাবে জুলাইতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত বেড়েছে। সুস্পষ্ট নিম্নচাপটি এদিনও উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও লাগোয়া উত্তরপ্রদেশের উপর ছিল। মধ্য ও উত্তর ভারতে বেশি বৃষ্টি হচ্ছে ওই নিম্নচাপটির প্রভাবে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ