নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার বিকেল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তার ফলে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া ও কোথাও শিলাবৃষ্টি হয়। আজ, শুক্রবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ ঝড়-বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে শনিবারের জন্য। কৃষিপণ্যের ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।



