নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলেই এক ভিন্ন জগতের সন্ধান পাওয়া যাবে। সেখানে ভেসে উঠছে রামায়ণ ও মহাভারতের সব অমর কাহিনী। ক্লাসরুমের দেওয়ালগুলি যেন প্রাণবন্ত চিত্রপটে রূপান্তরিত হয়েছে। সেখানে এই দুই মহাকাব্যের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়, গল্প আঁকা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্করের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। তিলকবাবু বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ছোটবেলা থেকেই শিশুদের মনে এই দুটি মহাকাব্যের ধারণা গেঁথে দেওয়া।
দেওয়ালে রামায়ণের অযোধ্যাকাণ্ড থেকে শুরু করে লঙ্কাকাণ্ডের রোমাঞ্চকর ঘটনা, অথবা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু অংশ দেখা যাবে। প্রতিটি চিত্রকেই গভীরভাবে ফুটিয়ে তুলেছেন স্থানীয় শিল্পীরা। এই ধরনের পরিবেশ শিশুদের মধ্যে শুধু কৌতূহলই তৈরি করবে না, বরং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতেও সাহায্য করবে বলেই মনে করছেন শিক্ষকরা।
ক্লাসে পড়ানোর পাশাপাশি শিক্ষকরা এই পৌরাণিক কাহিনীগুলিও বলছেন শিশুদের কাছে। রামায়ণ ও মহাভারতে কে কোন চরিত্র, তাঁরা কী করেছিলেন সবই ধরে ধরে শেখানো হচ্ছে কচিকাঁচাদের। এই উদ্যোগ অন্যান্য বিদ্যালয়গুলির জন্যও অনুপ্রেরণা হতে পারে বলে মনে করছে শিক্ষামহল। কীভাবে প্রথাগত শিক্ষাকে আরও আকর্ষণীয় করা যায়, সেটাই দেখাচ্ছে এই স্কুল। নিজস্ব চিত্র