সংবাদদাতা, বোলপুর: ভোটের আগে তৈরি হয়েছে রাস্তা। মাত্র তিন মাসের মধ্যেই সেই কংক্রিটের রাস্তার উপরের স্তর থেকে পাথর উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লাভপুর ব্লকের বিপ্রটিকুরী পঞ্চায়েতের মালিতপুর গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পথশ্রী প্রকল্পে প্রায় দেড় কিলোমিটার এই রাস্তার নির্মাণকাজ শুরু হয়। এই কাজে প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। গ্রামবাসীদের দাবি, বিধানসভা ভোটের কয়েকদিন আগে রাস্তার কাজ শেষ হয়। কিন্তু ভোট মিটতেই রাস্তার বিভিন্ন অংশে কংক্রিটের উপরের স্তর ক্ষয়ে গিয়ে পাথর বেরিয়ে আসতে শুরু করে। বর্তমানে রাস্তার একাধিক জায়গার ক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে। গ্রামের বাসিন্দা গৌর মণ্ডল, শিবনাথ সাহা, সুকুমার দাসরা বলেন, মাত্র তিন মাস আগে রাস্তা তৈরি হয়েছে। অথচ এখনই কংক্রিটের উপরের অংশ ভেঙে পাথর বেরিয়ে আসছে। এত অল্প সময়ের মধ্যে নতুন রাস্তার এমন অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি টাকায় তৈরি রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। রাস্তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক।
বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির সময় থেকেই কাজের মান নিয়ে তাঁদের আপত্তি ছিল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কম সময়ের মধ্যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার কাজ চলাকালীন কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যথাযথ নজরদারি চালাননি। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা বলেন, তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও কাটমানির সংস্কৃতি চলেছে। রাস্তা থেকে সেতু সব ক্ষেত্রেই অনিয়ম হয়েছে। রাস্তা তৈরিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। -নিজস্ব চিত্র