Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

কর্ণাটকে পাথর খাদানে ধস, মৃত বিহার ও বঙ্গের আটজন

কর্ণাটকে পাথর খাদানে ভয়াবহ ধস। দুর্ঘটনায় অন্তত আটজন দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

কর্ণাটকে পাথর খাদানে ধস, মৃত বিহার ও বঙ্গের আটজন
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কর্ণাটকে পাথর খাদানে ভয়াবহ ধস। দুর্ঘটনায় অন্তত আটজন দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৫ জন শ্রমিক আহত হয়েছেন। মৃত শ্রমিকরা বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ বেঙ্গালুরুর মাদাপাটনার ঘটনা। পুলিশ জানিয়েছে, এদিন ভোরবেলায় শ্রমিকরা স্টোন ক্রাশার ইউনিটে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন। সেই সময় আচমকাই বিশাল আকারের পাথরের চাঁই ভেঙে পড়ে শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় হাসপাতালে। আহতদের দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাথর খাদানে বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক কম্পন হয়। তার জেরেই ৪০ ফুট উপর থেকে পাথরের বড় চাঁই গড়িয়ে নীচে নেমে আসে। কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকরা চাপা পড়েন। তাঁরা পালানোর সুযোগই পাননি। ওই সময় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে আসে। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করে আনেন তাঁরা। এদিন শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি কোনও বিস্ফোরণের জেরে হয়নি। ধসের কারণে দুর্ঘটনা ঘটেছে। খাদানটি সরকারি নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্যের পাথর খাদানগুলিতে নজরদারি চালানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হবে।’ ওই খাদানে নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখছে প্রশাসন। ধসের কারণ জানতে ফরেনসিক পরীক্ষা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ