নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসই নয়। পাথর দুষ্কৃতীদের কবলে এবার পড়তে হল দুরন্ত এক্সপ্রেসকেও। শনিবার নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। ভেঙেছে কাচ। যদিও মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে, কোনো যাত্রী আহত হননি। তবে এহেন ঘটনায় রেলের বিরুদ্ধে আবারও খড়্গহস্ত হয়েছেন সাধারণ যাত্রীদের বড়ো অংশ। তাদের অভিযোগ, বারবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। কিন্তু তা পুরোপুরি বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ রেল কর্তারা। এমনকি এক্ষেত্রে আরপিএফের পক্ষ থেকে নিয়মিতভাবে যে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে, তা আদৌ ফলপ্রসূ হচ্ছে কি না, সেই ব্যাপারেও সংশয় প্রকাশ করেছেন সাধারণ রেল যাত্রীরা।



