নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধমুখী। টালমাটাল দশা কাটছে না ভারতের শেয়ার বাজারে। বুধবার বাজার কিছুটা তেজি হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার হুড়মুড়িয়ে পড়ল সূচক। এদিন এক ধাক্কায় এক হাজার ২৪৭ পয়েন্ট পড়ে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। দিনের শেষে ৭৩ হাজার ৫৮০ পয়েন্টে এটি স্থির হয়। সেনসেক্সের পতনের হার ১.৬৭ শতাংশ। পড়েছে জাতীয় শেয়ার সূচক নিফটিও। এদিন ৩৮৩ পয়েন্ট পড়ে নিফটি ২৩ হাজার ৬৩ পয়েন্টে স্থির হয়। পতনের হার ১.৬৪ শতাংশ। পাল্লা দিয়ে পড়েছে টাকার দামও। বৃহস্পতিবার ২৩ পয়সা পড়েছে টাকা। ফলে ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৫ টাকা ৯৬ পয়সা। অনেকেই বলছেন, মূল্যবৃদ্ধির আশংকায় টাকার উপর আস্থা ক্রমশ কমছে বিনিয়োগকারীদের। তাই টাকা বিক্রি করে ডলার কিনতে শুরু করেছেন তাঁরা।



