Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে ধস, উবে গেল লগ্নিকারীদের ৮ লক্ষ কোটি

পশ্চিম এশিয়ায় ফের পুরোদস্তুর যুদ্ধের অশনি সংকেত। নতুন করে আশঙ্কার মেঘ অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে লাফ দিয়েছে অশোধিত তেলের দর।

শেয়ার বাজারে ধস, উবে গেল লগ্নিকারীদের ৮ লক্ষ কোটি
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ফের পুরোদস্তুর যুদ্ধের অশনি সংকেত। নতুন করে আশঙ্কার মেঘ অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে লাফ দিয়েছে অশোধিত তেলের দর। এর জেরে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। বুধবার বড়োসড়ো ধসে রক্তক্ষরণ দালাল স্ট্রিটে। একধাক্কায় ২ শতাংশের বেশি পড়ল বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স। একই অবস্থা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিরও। বিশেজ্ঞরা বলছেন, যুদ্ধ ছাড়াও চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানিগুলির কম আয়ের পূর্বাভাসেও  লগ্নিকারীদের আস্থা টাল খেয়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ লগ্নির বদলে নিরাপদ জায়গাই পছন্দ করছেন। সেইসঙ্গে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ধারাও অব্যাহত। এসব কারণেই এদিন সেনসেক্স ১,৬৭৭.১২ পয়েন্ট বা ২.১৫ শতাংশ নেমে আসে।  দিনের শেষে ৭৬,৫০৩.৬০ পয়েন্টে থিতু হয় সূচক। এদিন শেয়ার বিক্রির হুড়োহুড়িতে উবে গিয়েছে লগ্নিকারীদের ৮ লক্ষ কোটি টাকা। নিফটিও ২.১৫ শতাংশ বা ৫১৬.৬৫ পয়েন্ট নেমেছে। লেনদেন শেষে সূচক কমে হয় ২৩,৮৮২.০৫ পয়েন্ট। শুধু ভারতই নয়, এশিয়ার অন্যান্য বাজারেও ছিল হতাশা। দক্ষিণ কোরিয়ার কোসপির পতন হয় ৫.৩৫ শতাংশ। জাপানের নিক্কেইতে ২.১১ শতাংশ ধস নামে। সাংহাইয়ের এসএসই কম্পোজিট সূচকও ০.৪৯ শতাংশ ধাক্কা খায়। যদিও হংকংয়ের হ্যাং সেং সূচক ২.৯৯ শতাংশ লাফ দিয়েছে। ইউরোপীয় বাজারেও ছিল লাল সংকেত। মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারও ছিল নিম্নমুখী। 

Advertisement

সূচকের সঙ্গে এদিন নেমেছে টাকার দরও। বুধবার ভারতীয় মুদ্রার দর মার্কিন ডলারের নিরিখে ৫৯ পয়সা কমেছে। প্রতি ডলারের দাম হয়েছে ৯৫.৫৫ টাকা (প্রভিশনাল)। এদিন যুদ্ধজনিত আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ফিউচার মার্কেটে এক ধাক্কায় ৬.১৬ শতাংশ বেড়ে যায়। প্রতি ব্যারেল তেলের দর হয়েছে ৭৮.৭৩ ডলার।

Advertisement
সম্পর্কিত সংবাদ