মুম্বই: টানা পতনের পর মঙ্গলবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। ১১০৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স। সৌজন্যে তথ্যপ্রযুক্তি(আইটি), ব্যাংক। অন্য দিকে, ২২,৭২০ পয়েন্টের উপরে বন্ধ হয়েছে নিফটি। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১.৫৪ শতাংশ বেড়ে ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে বন্ধ হয়েছে। গত চার মাসে এক দিনে সেনসেক্সের এটিই সর্বোচ্চ বৃদ্ধি। ৫০টি সংস্থার শেয়ার নিয়ে গঠিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৩৫৮.৬০ পয়েন্ট বেড়ে ২২,৭২১.৯৫ পয়েন্টে থিতু হয়েছে। দু’মাসেরও বেশি সময়ের মধ্যে এক দিনে নিফটির এটিই সর্বোচ্চ উত্থান। একই সঙ্গে টাকার দরও বেড়েছে। মঙ্গলবার মার্কিন ডলারের তুলনায় ৪০ পয়সা বেড়ে ৯৫.৩৮ টাকায় বন্ধ হয়েছে ভারতীয় মুদ্রা। এদিন ডলারের তুলনায় ৯৫.৫৩ টাকায় লেনদেন শুরু হয় ভারতীয় মুদ্রার। শেষ পর্যন্ত আগের দিনের তুলনায় ৪০ পয়সা বেড়ে ৯৫.৩৮-এ বন্ধ হয় টাকা।



