নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যান্টন সোয়বার্গ ভিআইপি গেট থেকে বের হতেই ‘জয় ইস্ট বেঙ্গল’ স্লোগানে গমগম করে উঠল যুবভারতী। ড্যানিশ স্ট্রাইকার সেই দিকে হাত নাড়িয়ে বাসে উঠে গেলেন। তখনও লাল-হলুদ সমর্থকদের উৎসব চলছে। সেদিকেই অবাক চোখে চেয়ে দেখছিলেন হাভিয়ার। বার্সেলোনা থেকে জনা সাতেক স্প্যানিশ এসেছেন কলকাতা ঘুরতে। ধর্মতলার ময়দান মার্কেটে তাদের চোখে পড়ে লাল-হলুদ জার্সি। খোঁজখবর নিয়ে জানতে পারেন ইস্ট বেঙ্গলের কথা। টিকিট নিয়ে বন্ধুবান্ধবসহ মাঠেও হাজির হাভিয়ার। এরপর বাকিটা শুধুই ইস্ট বেঙ্গল ম্যাজিক। তাতে মোহিত কোচ অস্কার ব্রুজোঁর দেশবাসীরা। জানালেন, ‘আমাদের জাতীয় পতাকায় লাল ও হলুদ রং রয়েছে। তাই স্বাভাবিক ভাবেই এই দু’টি রংয়ের প্রতি বাড়তি আবেগ রয়েছে। এই ম্যাচ দেখতে এসে লাভই হয়েছে। কলকাতার ফুটবলপ্রেমের সঙ্গে পরিচয় হল। আমরাও এই জয়ের শরিক।’



