টাকার পতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ: নির্মলা
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকার পতন নিয়ে কিছুদিন আগে পর্যন্তও মোদি সরকার তেমন উদ্বেগ প্রকাশ করেনি। বরং প্রশ্ন উঠলে বলা হত, আমরা টাকার নিয়ন্ত্রণ করি না। টাকার গতিবিধি স্বাধীন রাখার পক্ষপাতী। কিন্তু এবার যখন এশিয়ার মধ্যে ভারতীয় মুদ্রার হালই ডলারের বিনিময়মূল্যের নিরিখে সবথেকে খারাপ এবং খোদ রিজার্ভ ব্যাংককে সক্রিয় হতে দেখা যাচ্ছে, তখন আর সরকার সেই নিশ্চিন্তির মনোভাব দেখাতে পারছে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বলেছেন, গত দেড় বছর ধরে লাগাতার টাকার পতন হচ্ছে। এটা যে যথেষ্ট চিন্তার বিষয় কোনো সন্দেহ নেই। অবশ্যই অন্যতম বড় চ্যালেঞ্জ এখন এই টাকার পতন প্রতিরোধ করা। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংক কিছু ব্যবস্থা নিয়েছে। আর সেই ব্যবস্থায় কতটা কাজ হয় দেখা যাক। এর মধ্যেই কিছু প্রভাব পড়েছে। খুব সামান্য উন্নতি হয়েছে টাকার। কিন্তু রিজার্ভ ব্যাংক টাকার দাম স্থির রাখার চেষ্টা করবে না। পতন কীভাবে ঠেকানো যায় সেই প্রয়াসই করছে। রিজার্ভ ব্যাংক নিজেরা অতি উদ্যোগী হয়ে টাকার দাম ডলারের বিনিময়ে স্থির রাখার চেষ্টা করা অর্থনীতির জন্য ইতিবাচক নয়। এদিকে কেন এই টাকার পতন এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, অনেক কারণ আছে। আন্তর্জাতিক অর্থনীতি এবং সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতি একটি বড় কারণ। শেয়ার বাজার অথবা লগ্নি থেকে বিদেশি সংস্থার টাকা প্রত্যাহারও চিন্তার বিষয় বলে স্বীকার করেন তিনি। একটি অর্থনীতি সংক্রান্ত সম্মেলনে তাঁকে দিল্লির এই অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, ক্যাপিটাল গেইন ট্যাক্স কি বাতিল হবে? অথবা তার উপর যে ট্যাক্স দিতে হয়, সেই ঊর্ধ্বসীমা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি? উত্তরে অর্থমন্ত্রী বলেছেন, সামনেই বাজেট আসছে। বাজেটের প্রস্তুতি শুরু হয়েছে। অতএব এখনই এই নিয়ে কিছু বলা সমীচীন নয়। অর্থমন্ত্রী প্রধানত লং টার্ম ক্যাপিটাল গেইনস প্রসঙ্গে বলেন, অনেক রকম প্রস্তাব ও দাবি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমরা সবই দেখছি। 

Advertisement