Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি সাংসদের বাড়ির সামনের রাস্তা মেরামত করে দেবে রাজ্য

মিটতে চলেছে আমজনতার দীর্ঘদিনের দাবি। শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আড়পাড়া পর্যন্ত জীর্ণ রাস্তা সংস্কারে মোটা অর্থ বরাদ্দ করল রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রক।

বিজেপি সাংসদের বাড়ির সামনের রাস্তা মেরামত করে দেবে রাজ্য
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মিটতে চলেছে আমজনতার দীর্ঘদিনের দাবি। শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আড়পাড়া পর্যন্ত জীর্ণ রাস্তা সংস্কারে মোটা অর্থ বরাদ্দ করল রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আগামী ছ’মাসের মধ্যেই রাস্তা কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শান্তিপুর ব্লকের মধ্যে দিয়ে দিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন সেই জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আড়পাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল ছিল। সাধারণ মানুষের দাবি ছিল, রাস্তার পর্যাপ্ত সংস্কারের। ঘটনাচক্রে ওই রাস্তা সংলগ্ন এলাকাতেই বাড়ি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। যদিও সাধারণ মানুষের একাংশের অভিযোগ, সাংসদ নিজে উল্লেখযোগ্য কোনও উদ্যোগ নেননি। নিজের সাংসদ তহবিলের টাকা চাইলেই তিনি জেলা প্রশাসনের মাধ্যমে বরাদ্দ করতে পারতেন সেই রাস্তা তৈরির জন্য। এদিকে, সম্প্রতি ওই জীর্ণ রাস্তাটি নিয়ে অভিযোগ জমা পড়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে। এরপর তিনি ৩ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য তদ্বির শুরু করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাছে। বিধায়কের আবেদনের ভিত্তিতে সম্প্রতি ওই রাস্তা সংস্কারে ১ কোটি ৬৭ লক্ষ ২২৩ টাকা বরাদ্দ করে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই তার টেন্ডার হয়ে গিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে গলায়দড়ি বটতলা থেকে দ্বারকানাথ হাই স্কুল হয়ে আড়পাড়া পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে। ব্রজকিশোর গোস্বামী বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমার কাছে সেই দাবি এসে পৌঁছনোর পর উদ্যোগ নিয়েছিলাম। গ্রামোন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছে। ঘটনাচক্রের রাস্তাটি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনের রাস্তা। তাই বিজেপি সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি নাকি রাজ্যে উন্নয়ন দেখতে পায় না। তাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন যাতে বিজেপির হয়ে আমাদের রানাঘাটের সাংসদ প্রতিদিন দেখতে পান তার সুবন্দোবস্ত হল। 

Advertisement

যদিও কলকাতায় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সাংসদের প্রতিক্রিয়া মেলেনি। তবে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, আমাদের সাংসদ মানুষের জন্য কাজ করেন বলেই ওঁকে দ্বিতীয়বার দিল্লি পাঠিয়েছেন রানাঘাটের মানুষ। আর রাস্তার টাকাও সাংসদ বরাদ্দ করবেন বলে যদি শাসক দল অপেক্ষায় থাকে তাহলে তাদের রাজ্য সরকার কী করবে? কেবল দুর্নীতি? প্রসঙ্গত, সংশ্লিষ্ট রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা রাস্তা হলেও তা সংস্কারের জন্য দেড় কোটি বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের তহবিল থেকে।

সম্পর্কিত সংবাদ