নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ৪টি জেলাকে আনতে চাইছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে কেন্দ্রের কাছে। এখন রাজ্যের ৬টি জেলাতে এই প্রকল্পটি চলে। জেলাগুলি হল: বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার’ আওতায় এই প্রকল্পে শুখা এলাকায় জল সংরক্ষণের মাধ্যমে আরও জমিতে চাষের ব্যবস্থা করা হয়। মোট খরচের ৬০ শতাংশ কেন্দ্র ও রাজ্য ৪০ শতাংশ দেয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্বে এই প্রকল্পে মোট ৩৫০ কোটি ৬০ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। যার মধ্যে কেন্দ্র দেবে ২১০ কোটি টাকা। এই টাকার মধ্যে ১৮৫ কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রকল্পে এখনও পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় ২৬৯ কোটি টাকা। প্রায় ২ লক্ষ ৩০ হাজার কৃষক এতে উপকৃত হয়েছেন। প্রকল্পের আওতায় আপাতত আছে প্রায় ১ লক্ষ ৩০ হাজার হেক্টর জমি।



