Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যুরিজম স্টেক হোল্ডারদের সরকারি পোর্টালে নথিভুক্ত করাতে জোর রাজ্যের

ট্যুরিজম স্টেক হোল্ডারদের সরকারি পোর্টালে নথিভুক্তি করতে রাজ্য সরকার জোর দিচ্ছে। নতুন উদ্যোগে পর্যটকদের জন্য সুরক্ষিত পরিষেবা নিশ্চিত হবে। বিস্তারিত পড়ুন।

ট্যুরিজম স্টেক হোল্ডারদের সরকারি পোর্টালে নথিভুক্ত করাতে জোর রাজ্যের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: ট্যুরিজম স্টেক হোল্ডারদের সরকারি পোর্টালে নথিভুক্ত করাতে জোর রাজ্যের। বুধবার রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ নিজেই সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে আবেদন জানিয়েছেন। ট্যুরিজম স্টেক হোল্ডাররা যাতে কেন্দ্রীয় সরকারের নিধি প্লাস পোর্টাল কিংবা রাজ্য সরকারের ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার স্কিমের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নেন, সেব্যাপারে আবেদন রেখেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী। 

Advertisement

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এটা খুবই দরকার ছিল। যে কেউ ট্রেড লাইসেন্স করে নিয়ে ট্যুরিজম ব্যবসায় চলে আসবেন, এটা হতে পারে না। বিভিন্ন সময় শোনা যায়, পর্যটকদের কাছ থেকে কেউ টাকা নিয়েছেন, কিন্তু তারপর তাঁকে উপযুক্ত হোটেল দেননি। সেজন্য আমাদের দাবি ছিল, সমস্ত ট্যুরিজম সার্ভিস প্রোভাইডারকে সরকারি পোর্টালের আওতায় নিয়ে আসা এবং গাইড লাইন মানতে বাধ্য করা। সেটা নিয়ে বর্তমান রাজ্য সরকার জোর দিয়েছে। এটা খুবই ভালো।
ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে ‘পর্যটন বন্ধু’ অ্যাপ আনার কথা ঘোষণা করেছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। জানিয়ে দিয়েছেন, যাঁরা সরকারি গাইড লাইন মেনে চলবেন, শুধুমাত্র সেইসমস্ত ট্যুরিজম সার্ভিস প্রোভাইডারের নাম থাকবে ওই অ্যাপে। দেশ-বিদেশের পর্যটকরা যাতে ওই অ্যাপের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে হোটেল থেকে গাড়ি বুকিং করেন, সেব্যাপারে আবেদন জানাতে ব্যাপক প্রচার চালানো হবে। 
এদিকে, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দর সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে মঙ্গলবার রাতেই রাজ্যের পর্যটনমন্ত্রী লেখেন, খুব শীঘ্রই বড়ো উপহার পেতে চলেছে বাংলা। বুধবার সকালে টেলিফোনে পর্যটনমন্ত্রী বলেন, বাংলার জন্য আমরা একের পর এক প্রস্তাব পাঠাচ্ছি। এর মধ্যে দু’টি প্রস্তাবে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। এরমধ্যে একটি উত্তরবঙ্গের জন্য। অন্যটি গোটা রাজ্যের জন্য। প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে আমরা পর্যটনে যেখানে পৌঁছতে চাইছি, সেই লক্ষ্য পূরণে অনেকটা সহায়ক হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ