নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লন্ডনের সঙ্গে কলকাতার সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। মূলত করোনার সময় থেকে কলকাতা-লন্ডন বিমান চলাচল বন্ধ। কলকাতা-লন্ডন বিমান ফের চালু করতে গত বছর উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। রাজ্যের নতুন সরকার কলকাতার সঙ্গে বিশ্বের অন্যান্য শহরের সরাসরি বিমান যোগাযোগ চালু করতে পূর্ণ উদ্যমে নেমেছে। এখন রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার। তাই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বিমানযাত্রীরা এবার নতুন বিমান পরিষেবা পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। এই প্রেক্ষাপটে আজ, সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু এবং রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল কলকাতায় আসছেন। রাজ্যের সঙ্গে বিমান সংক্রান্ত উড়ান-চুক্তিও রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ইউরোপের বিভিন্ন শহরের সঙ্গে কলকাতার সরাসরি বিমান পরিষেবা যাতে চালু হয়, তার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ রাখব।’ এছাড়াও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, বিমানবন্দরের জন্য হাসিমারা, কলাইকুন্ডায় কেন্দ্রকে জমি দেওয়া হয়েছে। আগামী দিনে কোচবিহার, বালুরঘাট ও পুরুলিয়ায় বিমান চলাচল শুরু করতে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে।



