নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এক দেশ এক ভোট’ চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে শিল্পমহলের মতামত চেয়ে পাঠাল রাজ্য সরকার। শিল্পদপ্তরের তরফে রাজ্যের একাধিক বণিকসভার থেকে তথ্য জানতে চেয়েছে তারা। লোকসভা, বিধানসভার পাশাপাশি, পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় ভোটগুলি যখন হয়, তখন শিল্পমহলে তার প্রভাব কতটা পড়ে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে শিল্পদপ্তরের তরফে। প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের মধ্যে জানাতে হবে পরিসংখ্যান ভিত্তিক এবং গুণগত তথ্য। অর্থাৎ কত কর্মী অনুপস্থিত থাকেন, উৎপাদন বা ব্যবসা কতটা কম হয়, বিক্রিবাটার উপর কতটা প্রভাব পড়ে, তা যেমন জানাতে হবে, তেমনই সার্বিকভাবে ব্যবসায়িক পরিবেশে ভোট কোনো প্রভাব ফেলে কি না, তা বিস্তারিতভাবে জানাতে হবে। জিডিপি বা রাজ্যের সার্বিক অর্থনীতিতে ভোট কতটা প্রভাব ফেলতে পারে, সেই ব্যাপারেও তথ্য চেয়েছে শিল্পদপ্তর। কোনো বণিকসভা যদি ভোট সংক্রান্ত কোনো সমীক্ষা করে থাকে, তাহলে তা জানাতে বলা হয়েছে সরকারকে। এরাজ্যে কত মানুষ শিল্প এবং বাণিজ্যিক কাজে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত, তার তথ্যও চাওয়া হয়েছে।



