নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরাঞ্চলে ঝড়বৃষ্টির সময় গাছ পড়ে গিয়ে বিপত্তি নতুন কিছু নয়। এমন ঘটনায় প্রাণও হারিয়েছেন অনেকে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইআইইএসটি) মতামত নেওয়া হচ্ছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার কলকাতায় এক বিখ্যাত পুজো আয়োজকদের অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ, অভিনেত্রী ঋতুপর্ণা, অভিনেতা অঙ্কুশ সহ অন্য বিশিষ্টরা। সেই সঙ্গে স্কুল পড়ুয়াদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে ‘সিড বল’ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ছাত্র-ছাত্রীরা যাতে প্রত্যেকে একটি করে গাছের দায়িত্ব নেয়, সেই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষকে পদক্ষেপ করার আরজিও জানিয়েছেন মন্ত্রী। একান্ত প্রয়োজনেও যাতে গাছ কাটা না হয়, তার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কলকাতা দিয়ে শুরু করে ধীরে ধীরে রাজ্যের সমস্ত পুরসভায় গাছ প্রতিস্থাপনের জন্য অত্যাধুনিক মেশিন আনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এদিন বিধাননগরে দপ্তরের সদর দপ্তর থেকে ‘মুখোমুখি’ কর্মসূচির মাধ্যমে ফোনে কলকাতা পুর এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। সেখানে কলকাতা ছাড়াও অন্যান্য পুরসভা এলাকার মানুষ পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ, পুরানো বাড়ি, বার্থ সার্টিফিকেট, বিল্ডিং প্ল্যান, রাস্তা, পানীয় জল, সরকারি আবাসনের মেরামতি, নিকাশি সমস্যার কথা তুলে ধরেন। এক ঘণ্টার বেশি সময় ফোনে ৪৫ জনের সঙ্গে কথা বলেন তিনি।



