নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পুজোর আগেই ঢেলে সাজানো হবে রাজার শহর। সংস্কার করা হবে কোচবিহার পুরসভা এলাকার ভাঙা রাস্তাঘাট। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেরামত করা হবে ২০টি ওয়ার্ডের প্রায় সবক’টি রাস্তাই।
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পুজোর আগেই ঢেলে সাজানো হবে রাজার শহর। সংস্কার করা হবে কোচবিহার পুরসভা এলাকার ভাঙা রাস্তাঘাট। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেরামত করা হবে ২০টি ওয়ার্ডের প্রায় সবক’টি রাস্তাই।
মঙ্গলবার কোচবিহার সফর এসে খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, কোচবিহারকে সাজাবো। উন্নয়ন করব। জাতীয় সড়ক সম্প্রসারণ করা হবে। পুজোর আগে রাস্তা সারানো হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরের ২০টি ওয়ার্ডের প্রায় ৩০টি রাস্তা সংস্কারের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। রাস্তা সংস্কারের জন্য রাজ্যের কাছে ডিপিআর’ও জমা দেওয়া হয়েছে। কোচবিহার শহরের পাশাপাশি জেলাজুড়ে বেশকিছু গ্রামীণ সড়কের কাজ শুরু করা হবে। হাত দেওয়া হবে কোচবিহার জেলার প্রায় সবক’টি রাজ্য সড়কের সংস্কার কাজেও।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফেও বেশকিছু রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও পূর্তদপ্তর (সড়ক) থেকেও রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কথা। কোচবিহার শহর এবং শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে। বর্ষায় কয়েকটি রাস্তার অবস্থা শোচনীয়। যা খোদ মুখ্যমন্ত্রীর কানেও পৌছে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই রাজ্যের আরও দুই মন্ত্রীর মুখেও কোচবিহারের বেহাল রাস্তা সংস্কারের কথা শোনা গিয়েছে।
কোচবিহার শহরের স্টেশন মোড় থেকে শুরু করে ফুলবাড়ি মোড় পর্যন্ত রাস্তা চলাচলের উপযুক্ত অবস্থায় নেই বলে অভিযোগ। একইভাবে দিনহাটা অথবা সিতাই যাওয়ার রাস্তাও ভেঙেচুরে গিয়েছে। যা নিয়ে বারংবার বিভিন্ন মহল থেকে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ এসেছে।