প্রীতেশ বসু, কলকাতা: জিএসটি রিটার্ন দেওয়ার সময় করদাতাদের নানা তথ্যের প্রয়োজন হয়। সঠিক সময়ে এবং সহজে সেই তথ্য না পাওয়ার কারণে জিএসটি জমা দেওয়ার ক্ষেত্রে গাফিলতি বা বিলম্বের ঘটনাও ঘটে। তখন পরিস্থিতি এমন হয় যে সমস্যা মেটাতে করদাতাকে দৌড়াতে হয় জিএসটি অফিসে। অনেক সময় আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। যথা সময়ে করদাতাদের প্রয়োজন মতো তথ্যের সরবরাহ থাকলে এমন ঘটনা সহজেই এড়ানো যেত বলে মনে করে প্রশাসনিক মহল। এতদিন এই সংক্রান্ত তথ্য পেতে করদাতাদের চোখ রাখতে হতো রাজ্যের ‘ডাইরেক্টরেট অব কমার্শিয়াল ট্যাক্স’-এর পোর্টালে। এই সংক্রান্ত নোটিস কবে এই পোর্টালে উঠবে, তার জন্য অপেক্ষা করতে হতো। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে করদাতাদের সঙ্গে ই-মেল বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হয়। সেই সংখ্যা অবশ্য সামান্য। কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন ফোন নম্বর থাকলেও, একমাত্র অফিস আওয়ারেই তাতে যোগাযোগ করা সম্ভব। এই হয়রানির দিন এবার শেষ হতে চলেছে। যে কোনও দিনের যে কোনও সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এবার জেনে নেওয়া যাবে জিএসটি সংক্রান্ত তথ্য। শুক্রবার থেকেই এই পরিষেবা চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ৮৯৮১৮৪৩৭৩৭ নম্বরে হোয়াটসঅ্যাপে করে জানতে চাওয়া যাবে জিএসটি সংক্রান্ত যে কোনও তথ্য।



