নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেসি কাণ্ডে যুবভারতী স্টেডিয়ামে ঠিক কী হয়েছিল, তা নিয়ে রিপোর্ট দিতে অতিরিক্ত সময় চাইল রাজ্য পুলিশ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার জেরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। যা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। এরপর অরূপের রক্ষাকবচ মামলায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল হাইকোর্ট। ঘটনার দিন সেখানে কী কী হয়েছে, সেই বিষয়ে কমিটিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই মামলায় পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। সেই রিপোর্ট দিতে অতিরিক্ত সময় চাইল পুলিশ। রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডল জানান, বিধাননগরের পুলিশ কমিশনারেটে রদবদল হয়েছে। এই অবস্থায় রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক। আবেদন মঞ্জুর করে ১১ আগস্ট মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।



