Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাক্তারি পড়ুয়া সেজে মাঝরাতে কল্যাণী জেএনএম হাসপাতালে পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়া সেজে পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত পড়ুন।

ডাক্তারি পড়ুয়া সেজে মাঝরাতে কল্যাণী জেএনএম হাসপাতালে পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: পরিচয় গোপন রেখে ডাক্তারি পড়ুয়া সেজে বুধবার গভীর রাতে নদীয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আকস্মিক পরিদর্শন করাই উদ্দেশ্য ছিল তাঁর। মুখে মাস্ক থাকায় জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা কেউই চিনতে পারেনি তাঁকে। এই বেশেই বিভিন্ন ওয়ার্ড, দপ্তরে যান তিনি। সঙ্গে ছিলেন দুই মহিলা পুলিশ কর্মী। তাঁরাও ছিলেন মাস্ক পরে সাদা পোশাকে। দেখে মনে হবে যেন এই দু’জনও ডাক্তারি পড়ুয়া। শুধু ওয়ার্ড নয়, পড়ুয়াদের হস্টেলেও যান সুমনাদেবী। মাঝ রাতে নিজের মতো করে হাসপাতাল পরিদর্শনের পর একাধিক অনিয়ম ও অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শন পর্ব শেষ হওয়ার পর তিনি নিজের পরিচয় দিয়ে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। হাসপাতালের বিভিন্ন জায়গায় নোংরা পরিবেশ, হস্টেলের অস্বাস্থ্যকর অবস্থা এবং সর্বত্র পরিচ্ছন্নতার অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Advertisement

পাশাপাশি, রাতে হাসপাতালে কোনো সিনিয়র ডাক্তার উপস্থিত না থাকায় প্রশ্ন তোলেন তিনি। হাসপাতাল চত্বরে বিড়াল ও কুকুরের অবাধ বিচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরিদর্শনের পর মন্ত্রী বলেন, ‘এই পোশাক পরে আমি সাধারণত বাড়ির বাইরে আসি না। এদিন ডাক্তারি ছাত্রী সেজে এসেছিলাম বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে। নিজের মতো করে বিভিন্ন ওয়ার্ড ও দপ্তর ঘুরে দেখেছি। হাসপাতাল ও হস্টেলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই আচমকা পরিদর্শনের ঘটনায় জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা এবং রাতের চিকিৎসার মান নিয়ে তাঁর পর্যবেক্ষণ তিনি স্বাস্থ্যদপ্তরের নজরে আনলে কর্তৃপক্ষের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ