Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

কন্টেনারে ডিজেল বিক্রির উপর ‘নিষেধাজ্ঞা’ তুলল রাজ্য সরকার

পেট্রল পাম্পগুলি থেকে কন্টেনারে ডিজেল বিক্রিতে অনুমতি দিল রাজ্য সরকার। পেট্রল পাম্পগুলি এই অনুমতির জন্য প্রশাসনের কাছে দরবার করেছিল আগেই।

কন্টেনারে ডিজেল বিক্রির উপর  ‘নিষেধাজ্ঞা’ তুলল রাজ্য সরকার
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রল পাম্পগুলি থেকে কন্টেনারে ডিজেল বিক্রিতে অনুমতি দিল রাজ্য সরকার। পেট্রল পাম্পগুলি এই অনুমতির জন্য প্রশাসনের কাছে দরবার করেছিল আগেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কৃষিকাজে সুবিধা করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

Advertisement

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক পাম্প থেকে কন্টেনারে ভরে ডিজেল কিনে নিয়ে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। হাসপাতাল, ক্লিনিকে জেনারেটার-সহ বিভিন্ন উপকরণ চালানো থেকে শুরু করে কৃষিক্ষেত্রে সেচের পাম্প সচল রাখার ডিজেল কিনতে বড়ো সমস্যা তৈরি হয়েছিল। দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরও ডিজেল না পেয়ে অসুবিধায় পড়েছিল। খাদ্যক্ষেত্রে পাউরুটি, বিস্কুট-কেক উৎপাদনকারী বেকারিগুলিও সংকটে পড়ে। কারণ তাদের আভেনগুলি ডিজেল চালিত। পাশাপাশি অফিস, আবাসন কমপ্লেক্সে জেনারেটারের জন্য ডিজেল মিলছিল না। রাজ্য খাদ্যদপ্তর জানিয়ে দিয়েছে, যেখানে নিয়ন্ত্রণ জারি ছিল, তা শিথিল করা হল। কন্টেনারে ডিজেল কেনা যাবে। 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সমাজ মাধ্যমে জানান, সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যা হচ্ছিল। জনসাধারণের স্বার্থে রাজ্য সরকার প্রধান তেল কোম্পানিগুলিকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেইনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল, তা শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাটভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলিতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে।
ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ হাজরা বলেন, আমরা এই নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে রাজ্য প্রশাসনের কাছে দরবার করেছি। কারণ, আমাদের কাছেও ক্রেতারা বারবার এই বিষয়ে জানতে চাইতেন। তাঁরা ক্ষোভের কথা জানাতেন। অবশেষে সুরাহা মিলল।

Advertisement
সম্পর্কিত সংবাদ