নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো মিটলেই কলকাতা এবং হাওড়ায় পুরসভা ভোটের সম্ভাবনা। তারপর আরও একগুচ্ছ পুরসভায় ভোটগ্রহণের কথা। কিন্তু ভোট করাতে প্রয়োজন ইভিএম। আপাতত পর্যাপ্ত সংখ্যক ইভিএম হাতে পাওয়া নিয়ে সমস্যায় রাজ্য নির্বাচন কমিশন। এই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। সেই মামলাতেই মঙ্গলবার, অতীতে দায়ের হওয়া যাবতীয় ইলেকশন পিটিশনারদের মতামত জানতে চেয়েছে হাইকোর্ট। কারণ অতীতের একাধিক পিটিশনের জেরেই সংরক্ষিত রয়েছে বিপুল সংখ্যক ইভিএম। আদালতের নির্দেশেই জেলাশাসকদের কাছে অনেক ইভিএম সংরক্ষিত রয়েছে। আদালতের অনুমোদন ছাড়া সেগুলি ব্যবহার করা সম্ভব নয়। ঠিক এই কারণেই এদিন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ অতীতের মামলাগুলির বক্তব্য জানতে চেয়েছে। রাজ্যের পুরসভা বা পঞ্চায়েত ভোটে অনিয়মের অভিযোগ তুলে বেশকিছু মামলা দায়ের হয়েছিল। সংশ্লিষ্ট অনেক মামলারই নিষ্পত্তি হয়নি এখনো। মূলত বাম এবং বিজেপির তরফেই দায়ের করা হয়েছিল সেগুলি। পরবর্তী শুনানি আগামী সোমবার।



