Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বচ্ছতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির জিও-ট্যাগিংয়ের সিদ্ধান্ত রাজ্যের

উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

স্বচ্ছতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির জিও-ট্যাগিংয়ের সিদ্ধান্ত রাজ্যের
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত করতে উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে সমীক্ষা। বাড়ি বাড়ি গিয়ে সেই সমীক্ষা করা হচ্ছে। তবে স্বচ্ছতা বজায় রাখতে ভেঙে পড়া বাড়িগুলির জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে। 

Advertisement

উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে শনিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতেই এই জিও ট্যাগিংয়ের বিষয়টি জানানো হয়েছে। সূত্রের খবর, জেলা প্রশাসনের তরফে যাঁরা বাড়ি বাড়ি সমীক্ষা করছেন, তাঁদের বলে দেওয়া হয়েছে, ভেঙে পড়া বাড়িগুলির ছবি তুলে জমা দিতে হবে। সেই সঙ্গে বাড়িটিকে জিও ট্যাগিং করতে হবে। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, একজনও ন্যায্য ক্ষতিপূরণ প্রাপক যেন বঞ্চিত না হন। সেই সঙ্গে কেউ যেন অন্যায্যভাবে সুবিধা না পান, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে ক্ষতিপূরণ দেওয়ার কাজ সম্পূর্ণ করতেই এই উদ্যোগ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং) ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার ৬২টি বাড়ি। যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৬,০০৫। ব্যাপকভাবে (সিভিয়ারলি ড্যামেজড) ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭১টি বাড়ি এবং আংশিক (পার্টলি ড্যামেজড) ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৫০৮৬। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।   

Advertisement
সম্পর্কিত সংবাদ